দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর পুঁতে রাখা শক্তিশালী বোমার বিস্ফোরণে একজন ইসরায়েলি সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনায় আরও নয়জন সেনা জখম হয়েছেন বলে আজ রোববার নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। শনিবারের এই হামলার ঘটনাটি এমন এক সময়ে সামনে এলো যখন দেশ দুটির মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।
নিহত সেনার নাম লিদোর পোরাত (৩১)। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর হিরাম রিজিয়নাল ব্রিগেডের ৭১০৬তম ব্যাটালিয়নের সার্জেন্ট ফার্স্ট ক্লাস হিসেবে রিজার্ভিস্ট পদে কর্মরত ছিলেন। আইডিএফ জানিয়েছে, দক্ষিণ লেবাননের একটি নিয়ন্ত্রিত এলাকায় তাদের ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের একটি যান টহল দেওয়ার সময় অতর্কিত বিস্ফোরণের মুখে পড়ে। সেখানে আগে থেকেই সক্রিয় বিস্ফোরকটি স্থাপন করা ছিল, যা ওই যানের নিচে পড়ার সাথে সাথেই বিস্ফোরিত হয়।
জানা গেছে, নিহত পোরাতসহ আক্রান্ত সেনাদলটি ওই এলাকায় ভারী সামরিক সরঞ্জামের রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত ছিলেন। বিস্ফোরণের ফলে ঘটনাস্থলেই প্রাণ হারান পোরাত। আহত ৯ জনের মধ্যে একজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। এছাড়া আরও চারজন মাঝারি মানের এবং বাকি চারজন সামান্য চোট পেয়েছেন। তাদের উদ্ধার করে দ্রুত হেলিকপ্টার যোগে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আইডিএফ এই ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে বিস্তারিত তদন্ত শুরু করেছে। এদিকে আগে থেকে পুঁতে রাখা বোমায় এই হতাহতের ঘটনা ঘটলেও ইসরায়েল এর পাল্টা প্রতিক্রিয়া হিসেবে লেবাননের অভ্যন্তরে পুনরায় হামলা চালিয়েছে। এর ফলে বিদ্যমান যুদ্ধবিরতি চরম হুমকির মুখে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।