লেবাননে ইসরাইলি বাহিনীর ক্রমাগত সামরিক অভিযানে প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। শনিবার (২৫ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, চলমান হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা ২ হাজার ৪৯৬ জনে পৌঁছেছে।
গত ২ মার্চ সংঘাত শুরু হওয়ার পর থেকে দীর্ঘ সময় ধরে চলা এই সহিংসতায় আহতের তালিকাও দীর্ঘ হচ্ছে। সরকারি হিসাব মতে, এখন পর্যন্ত আহত হয়েছেন অন্তত ৭ হাজার ৭২৫ জন। মন্ত্রণালয়ের নিয়মিত প্রতিবেদনে বর্তমান পরিস্থিতিকে চরম মানবিক বিপর্যয় হিসেবে বর্ণনা করা হয়েছে।
নিরাপত্তার অভাবে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া মানুষের সংখ্যাও আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দেশটির বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে ১ লাখ ২০ হাজারেরও বেশি মানুষ মানবেতর জীবনযাপন করছেন। পরিসংখ্যানে দেখা গেছে, প্রায় ৩১ হাজার পরিবার এসব কেন্দ্রে ঠাঁই নিয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, বিপুল সংখ্যক বাস্তুচ্যুত মানুষের জন্য খাদ্য, ওষুধ ও প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী সরবরাহ করতে লেবানন সরকার এবং বৈশ্বিক সাহায্য সংস্থাগুলো তীব্র সংকটের মুখোমুখি হচ্ছে। ইসরাইলি বাহিনীর আগ্রাসন অব্যাহত থাকায় দেশটিতে মানবিক বিপর্যয় আরও ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কা করা হচ্ছে।