বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে

লেবাননের ভূখণ্ডে ইসরায়েলি সামরিক বাহিনীর অব্যাহত হামলায় প্রাণহানির সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে।

লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে
ছবি : সংগৃহীত

লেবাননের ভূখণ্ডে ইসরায়েলি সামরিক বাহিনীর অব্যাহত হামলায় প্রাণহানির সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে। গত এক মাস ধরে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের তীব্র সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ২ হাজার ২০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বার্তা সংস্থা এএফপি শনিবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের প্রকাশিত সবশেষ পরিসংখ্যান অনুযায়ী, নিহতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশু রয়েছে। প্রাণ হারানোদের মধ্যে ২৪৮ জন নারী ও ১৬৫ জন শিশু ছাড়াও ৮৫ জন চিকিৎসাকর্মী ও জরুরি সেবার সঙ্গে যুক্ত ব্যক্তি রয়েছেন। গত ২ মার্চ থেকে মধ্যপ্রাচ্যের এই বহুমুখী যুদ্ধে লেবানন জড়িয়ে পড়ার পর থেকে এখন পর্যন্ত আহত হয়েছেন ৬ হাজার ৪৩৬ জন। পরিস্থিতির ভয়াবহতা বাড়লেও সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে পাকিস্তান আয়োজিত উচ্চপর্যায়ের কূটনৈতিক প্রচেষ্টা কোনো ইতিবাচক ফলাফল ছাড়াই শেষ হয়েছে। কয়েক দশকের মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই আলোচনা ভেস্তে যাওয়ার পর মার্কিন প্রতিনিধি দল ইসলামাবাদ ত্যাগ করেছে। রোববার স্থানীয় সময় সকাল ৭টা ০৮ মিনিটে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বিমানবাহিনীর বিশেষ বিমানে চড়ে নিজ দেশের উদ্দেশ্যে রওয়ানা হন।

উল্লেখ্য, শনিবার বিকেলে ইসলামাবাদের সেরেনা হোটেলে ‘ইসলামাবাদ টকস’ শিরোনামে এই রুদ্ধদ্বার বৈঠক শুরু হয়েছিল। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে অংশ নেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। ইরানের পক্ষে আলোচনায় নেতৃত্ব দেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। দীর্ঘ সময় ধরে চলা এই শ্বাসরুদ্ধকর আলোচনা ব্যর্থ হওয়ায় লেবানন ও সামগ্রিক মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা বর্তমানে অনিশ্চয়তার মুখে পড়েছে।