লেবাননের দক্ষিণাঞ্চলে চলমান উত্তেজনার মধ্যেই বিস্ফোরণে জাতিসংঘের এক শান্তিরক্ষীর প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস।
রোববার (২৯ মার্চ) ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে। লেবাননে মোতায়েন জাতিসংঘের অন্তর্বর্তীকালীন শান্তিরক্ষা মিশন (ইউএনআইএফআইএল) জানায়, দক্ষিণ লেবাননের আদচিট আল-কুশাইর গ্রামের নিকটে একটি বিস্ফোরণে তাদের এক ইন্দোনেশিয়ান শান্তিরক্ষী নিহত হন এবং আরও একজন আহত হন।
সংস্থাটি জানিয়েছে, বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গুতেরেস বলেন, শান্তিরক্ষীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার এটি সাম্প্রতিক সময়ের ঘটনাগুলোর মধ্যে অন্যতম।
এ সময় তিনি সংশ্লিষ্ট সকল পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানান এবং জাতিসংঘের কর্মী ও স্থাপনার সুরক্ষা নিশ্চিত করতে জোর দেন।
উল্লেখ্য, গত ২ মার্চ সীমান্ত এলাকায় হামলার পর লেবাননে স্থল অভিযান ও বিমান হামলা চালায় ইসরায়েল। এর পর থেকেই অঞ্চলজুড়ে উত্তেজনা অব্যাহত রয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি