বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

লিফটের জন্য রাখা ফাঁকা জায়গায় পড়ে নারীর মৃত্যু

রাজধানীর ডেমরা থানাধীন কোনাপাড়া এলাকায় একটি বহুতল ভবনের লিফটের জন্য নির্ধারিত ফাঁকা জায়গায় পড়ে হালিমা কায়সার বকুল (৫৫) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

লিফটের জন্য রাখা ফাঁকা জায়গায় পড়ে নারীর মৃত্যু
ছবিঃ সংগৃহীত

রাজধানীর ডেমরা থানাধীন কোনাপাড়া এলাকায় একটি বহুতল ভবনের লিফটের জন্য নির্ধারিত ফাঁকা জায়গায় পড়ে হালিমা কায়সার বকুল (৫৫) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার রাতে নিজ বাসভবনের ছাদ থেকে নিচে নামার সময় অসাবধানতাবশত এই দুর্ঘটনা ঘটে। নিহত হালিমা ওই ভবনের চতুর্থ তলার বাসিন্দা ছিলেন।

নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাতে হালিমা কায়সার বকুল ছাদ থেকে নিচে নামছিলেন। এ সময় লিফট বসানোর জন্য রাখা অন্ধকার ও ফাঁকা স্থানটি খেয়াল না করায় তিনি সরাসরি নিচে পড়ে যান। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে প্রচণ্ড আঘাত পান এবং প্রচুর রক্তক্ষরণ হয়। ভবনের বাসিন্দারা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।

পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ছেলে বাপ্পি এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুরো বিষয়টি সংশ্লিষ্ট ডেমরা থানা পুলিশকে অবহিত করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।