শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

লক্ষ্মীপুরে গোলাগুলির ঘটনায় ৮ জন গ্রেপ্তার

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় জড়িত ৮ জনকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের ৫৪ ধারায় অভিযুক্ত দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুরে গোলাগুলির ঘটনায় ৮ জন গ্রেপ্তার
ছবিঃ সংগৃহীত

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় জড়িত ৮ জনকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের ৫৪ ধারায় অভিযুক্ত দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (২৫ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত সোমবার চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া ও শেখপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের সূত্রপাত হয়। এর জের ধরে গত মঙ্গলবার রাত ৯টার দিকে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের আফজাল রোডে বিএনপি কার্যালয়ের সামনে উভয় পক্ষ সশস্ত্র সংঘর্ষে লিপ্ত হয়। এতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে এক পক্ষ দেওপাড়া গ্রামের রাকিব পাটওয়ারী এবং অন্য পক্ষ শেখপুর গ্রামের মিতুলের নেতৃত্বে অংশ নেয়। উল্লেখ্য, রাকিব পাটওয়ারী হত্যা ও অস্ত্রসহ একাধিক মামলার আসামি।

গোলাগুলির সময় আব্দুর রহিম (৫০) নামে এক পথচারী বাম পায়ে গুলিবিদ্ধ হন এবং মানিক নামের অন্য এক যুবককে চেইন দিয়ে পিটিয়ে জখম করা হয়। আহত রহিম শেখপুর গ্রামের গাছ ব্যবসায়ী এবং মানিক সদর উপজেলার পূর্ব জাফরপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে গুলিবিদ্ধ রহিম ঢাকা চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানিয়েছে, তিনি সুস্থ হয়ে ফিরলে এ বিষয়ে নিয়মিত মামলা দায়ের করা হবে।

ঘটনার পর বুধবার দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে পুলিশ দেওপাড়া, লতিফপুর ও পাঁচপাড়া এলাকা থেকে ৮ জনকে আটক করে। গ্রেপ্তারকৃতরা হলেন— দিদারুল ইসলাম মেহরাজ, আব্দুর রহমান আকাশ, সাজ্জাদ হোসেন রিফাত, আয়ান হোসেন মিলন, আরিফ হোসেন, হৃদয় হোসেন, মো. সাকিব ও মেহরাজ হোসেন ইমন। বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।