শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে পুলিশ সদস্য নিখোঁজ, আহত ৫ সরকারি কর্মকর্তা

ভোলার লালমোহনে মেঘনা নদীতে মৎস্য রক্ষা অভিযানে থাকা একটি স্পিডবোটের সাথে যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে এক পুলিশ কনস্টেবল নিখোঁজ হয়েছেন।

লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে পুলিশ সদস্য নিখোঁজ, আহত ৫ সরকারি কর্মকর্তা
ছবিঃ সংগৃহীত

ভোলার লালমোহনে মেঘনা নদীতে মৎস্য রক্ষা অভিযানে থাকা একটি স্পিডবোটের সাথে যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে এক পুলিশ কনস্টেবল নিখোঁজ হয়েছেন।

বুধবার রাত ৮টার দিকে মঙ্গলসিকদার লঞ্চঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ পুলিশ সদস্যের নাম মো. ফখরুল ইসলাম, যিনি স্থানীয় পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। এই ঘটনায় স্পিডবোটে থাকা আরও পাঁচজন আহত হয়েছেন, যাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, জাটকা সংরক্ষণে মার্চ-এপ্রিল দুই মাসের সরকারি নিষেধাজ্ঞা তদারকি করতে উপজেলা মৎস্য অফিসের তিন কর্মকর্তা ও পুলিশের তিন কনস্টেবল একটি স্পিডবোট নিয়ে অভিযানে বের হন। একই সময় ঢাকা থেকে চরফ্যাশনগামী যাত্রীবাহী লঞ্চ এমভি কর্ণফুলী-১২ মঙ্গলসিকদার ঘাটে ভিড়ছিল। প্রত্যক্ষদর্শীদের মতে, ঘাটে ভেড়ার সময় লঞ্চের পেছনের প্রপেলারের সাথে ধাক্কা লেগে স্পিডবোটটি উল্টে যায়। এতে নৌকায় থাকা পাঁচজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ফখরুল ইসলাম নিখোঁজ হয়ে যান।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. অলিউল ইসলাম ঘটনার বিস্তারিত জানিয়ে বলেন, নদীতে থাকা অবস্থায় হঠাৎ স্পিডবোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। প্রবল স্রোতের টানে নিয়ন্ত্রণহীন বোটটি ঘাটে থাকা লঞ্চের নিচে ঢুকে পড়লে এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে নিখোঁজ পুলিশ সদস্যকে উদ্ধারে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি অভিযান চালাচ্ছে।