বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

মাদারীপুরে আতশবাজি ফোটাতে গিয়ে স্কুলছাত্র গুরুতর আহত

মাদারীপুরের কালকিনিতে আতশবাজি ফোটাতে গিয়ে ভয়াবহ এক দুর্ঘটনায় নিলয় (১৫) নামের এক স্কুলছাত্র গুরুতর জখম হয়েছে।

মাদারীপুরে আতশবাজি ফোটাতে গিয়ে স্কুলছাত্র গুরুতর আহত
ছবিঃ সংগৃহীত

মাদারীপুরের কালকিনিতে আতশবাজি ফোটাতে গিয়ে ভয়াবহ এক দুর্ঘটনায় নিলয় (১৫) নামের এক স্কুলছাত্র গুরুতর জখম হয়েছে।

মঙ্গলবার রাতে কালকিনি পৌরসভার দক্ষিণ কৃষ্ণনগর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। আহত নিলয় স্থানীয় কৃষক মো. আলমগীর সরদারের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে বাজার থেকে কিনে আনা আতশবাজি ফোটাতে যায় নিলয়। এসময় অসাবধানতাবশত একটি শক্তিশালী বাজি বিস্ফোরিত হলে তার বাম হাতের পাঁচটি আঙুল এবং ডান পায়ের হাঁটু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের শব্দ ও নিলয়ের চিৎকারে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে আঘাতের মাত্রা অত্যন্ত গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মশিউর রহমান জানান, ওই শিক্ষার্থীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি ভিত্তিতে তাকে বরিশালে পাঠানো হয়েছে। তিনি আরও উদ্বেগ প্রকাশ করে বলেন, বাজারে অবাধে আতশবাজি বিক্রি বন্ধ করা প্রয়োজন, অন্যথায় ভবিষ্যতে এমন আরও ভয়াবহ দুর্ঘটনার ঝুঁকি থেকে যাবে।