পশ্চিম আফ্রিকার দেশ মালির মধ্যাঞ্চলে ভয়াবহ এক সন্ত্রাসী হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। গত বুধবার রাতে দুটি গ্রামে চালানো এই নারকীয় হামলায় হতাহতদের মধ্যে সরকারপন্থি আত্মরক্ষাবাহিনীর সদস্য ও সাধারণ গ্রামবাসী রয়েছেন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে এই ঘটনার তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট তিনটি সূত্র।
সাম্প্রতিক সময়ে মালিতে ঘটে যাওয়া বড় ধরনের হামলাগুলোর মধ্যে এটি অন্যতম। গত এপ্রিলের শেষ নাগাদ আল-কায়েদা সমর্থিত জঙ্গি সংগঠন জামাআত নুসরাত আলৃ-ইসলাম ওয়াল-মুসলিমিন (জেএনআইএম) এবং তুয়ারেগ বিদ্রোহী গোষ্ঠী আজাওয়াদ লিবারেশন ফ্রন্ট (এফএলএ) দেশজুড়ে একযোগে অভিযান শুরু করার পর থেকে বিভিন্ন স্থানে সংঘাত ছড়িয়ে পড়ে। তারই ধারাবাহিকতায় বুধবার রাতে মপতি অঞ্চলের দুটি জনপদকে লক্ষ্য করে এই প্রাণঘাতী আক্রমণ চালানো হয়।
আক্রান্ত এলাকাগুলোর নিকটবর্তী ব্যাংকাস শহরের এক বাসিন্দা জানিয়েছেন, বুধবার রাতে অজ্ঞাতপরিচয় একদল সশস্ত্র লোক অতর্কিতে গ্রামে ঢুকে পড়ে। তারা নির্বিচারে গুলিবর্ষণ শুরু করে এবং ব্যাপক লুটপাট চালায়। তবে তিনি তাৎক্ষণিকভাবে নিহতের সঠিক সংখ্যা নিশ্চিত করতে পারেননি।
হামলায় ঠিক কতজন সাধারণ নাগরিক মৃত্যুবরণ করেছেন, তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি। সাধারণত এই অঞ্চলে সন্ত্রাসীদের মোকাবিলায় মালির নিয়মিত সেনাবাহিনীর সহযোগী হিসেবে স্থানীয় শিকারি দল ও বিভিন্ন আত্মরক্ষাবাহিনী গ্রাম পাহারার দায়িত্বে থাকে। ধারণা করা হচ্ছে, নিহতদের একটি বড় অংশই এসব বাহিনীর সদস্য।
এই ভয়াবহ নৃশংসতার বিষয়ে মালির সামরিক বাহিনীর মুখপাত্রের কাছে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিদ্রোহী ও জঙ্গি তৎপরতায় বিপর্যস্ত দেশটিতে এই নতুন হামলা জনমনে চরম আতঙ্ক সৃষ্টি করেছে।