শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

মধ্যরাতে নারায়ণগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিভল ভোরে

নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক সামগ্রী উৎপাদনকারী কারখানায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে গোগনগরের মসিনাবন্দ এলাকায় অবস্থিত ‘সাইন প্রাইভেট লিমিটেড’ নামক কারখানায় এই আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় চার ঘণ্টার নিরবচ্ছিন্ন প্রচেষ্টায় বুধবার ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

মধ্যরাতে নারায়ণগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিভল ভোরে
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক সামগ্রী উৎপাদনকারী কারখানায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে গোগনগরের মসিনাবন্দ এলাকায় অবস্থিত ‘সাইন প্রাইভেট লিমিটেড’ নামক কারখানায় এই আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় চার ঘণ্টার নিরবচ্ছিন্ন প্রচেষ্টায় বুধবার ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কারখানাটিতে পলিথিন ব্যাগ, হ্যাঙ্গার ও স্কচটেপসহ বিভিন্ন ধরনের প্লাস্টিক পণ্য তৈরি ও মজুত করা হতো। প্লাস্টিকের কাঁচামাল অত্যন্ত দাহ্য হওয়ায় মুহূর্তের মধ্যেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে এবং তা নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে আগুনের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, আগুনে কারখানাটির আধা পাকা ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও ভাগ্যক্রমে কোনো প্রাণহানি বা হতাহতের ঘটনা ঘটেনি।