শনিবার, 28 নভেম্বর 2026
সকল বিভাগ

মেসির বিদায়ে রোনালদিনহো ও নেইমারের আবেগঘন বার্তা

দুই দশকেরও বেশি সময় ধরে আর্জেন্টিনার ফুটবলে অসংখ্য স্মরণীয় মুহূর্তের জন্ম দিয়েছেন লিওনেল মেসি। সাফল্য, রেকর্ড আর আবেগে ভরা সেই দীর্ঘ অধ্যায়ের সমাপ্তিতে বিশ্বজুড়ে শুরু হয়েছে তাকে ঘিরে বিদায়ের আবহ। সাবেক সতীর্থ ও ফুটবল কিংবদন্তিরাও জানাচ্ছেন প্রিয় মেসির প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা। তার এক সময়ের ক্লাব সতীর্থ ব্রাজিলের রোনালদিনহো ও নেইমারও সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছেন আবেগঘন বার্তা।

মেসির বিদায়ে রোনালদিনহো ও নেইমারের আবেগঘন বার্তা
ছবি: রয়টার্স

দুই দশকেরও বেশি সময় ধরে আর্জেন্টিনার ফুটবলে অসংখ্য স্মরণীয় মুহূর্তের জন্ম দিয়েছেন লিওনেল মেসি। সাফল্য, রেকর্ড আর আবেগে ভরা সেই দীর্ঘ অধ্যায়ের সমাপ্তিতে বিশ্বজুড়ে শুরু হয়েছে তাকে ঘিরে বিদায়ের আবহ। সাবেক সতীর্থ ও ফুটবল কিংবদন্তিরাও জানাচ্ছেন প্রিয় মেসির প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা। তার এক সময়ের ক্লাব সতীর্থ ব্রাজিলের রোনালদিনহো ও নেইমারও সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছেন আবেগঘন বার্তা।

মেসির বিদায়ী মুহূর্তকে স্মরণীয় করে রাখতে আর্জেন্টিনার বিভিন্ন শহরে রাস্তায় নেমে আসেন অসংখ্য সমর্থক। বুয়েনস আইরেস, রোসারিও, কর্ডোবাসহ ফুটবলের প্রতি ভালোবাসায় ভরা শহরগুলোর রাজপথে দেখা যায় উৎসবের আবহ। দেশের জার্সিতে মেসির শেষ অধ্যায়কে নিজেদের মতো করে উদযাপন করেন ভক্তরা।

৩৯ বছর বয়সী এই ফুটবল জাদুকর ক্যারিয়ারের শুরু থেকেই পেয়েছেন কোটি মানুষের ভালোবাসা। দেশের হয়ে বেনিনের বিপক্ষে এস্তাদিও মনুমেন্টালের গর্জনমুখর দর্শকদের সামনে শেষবার মাঠে নামার মুহূর্তটিও তাই হয়ে ওঠে আবেগে ভরা এক স্মরণীয় দৃশ্য।


মেসির বিদায়কে ঘিরে ক্রীড়া, পোশাক ও বিনোদন জগতের অনেক তারকাই তাকে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়েছেন। ক্যারিয়ারের শুরুর দিকে বার্সেলোনায় মেসির সতীর্থ ছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া আবেগঘন বার্তায় তিনি লেখেন, ‘তুমি আমাদের এতটা হাসিয়েছ এবং ফুটবলকে এতটা উপভোগ করতে শিখিয়েছ! তোমার নাম লেখা রয়েছে তোমার দেশের এবং পুরো বিশ্বের ইতিহাসে… শৈশবের স্বপ্ন পূরণ করে, পুরো দেশের প্রতিনিধিত্ব করে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার যে আনন্দ—তা একমাত্র আমরাই জানি! তুমি তোমার জাতীয় দল ও দেশের জন্য নিজের সবটুকু উজাড় করে দিয়েছ… আমি তোমাকে পুরোপুরি বুঝি এবং জানি যে পরিবারের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো মানুষকে নতুন করে ভাবতে শেখায়… জীবনটা উপভোগ করো, ভাই। তোমার জন্য আজ ও সারাজীবন শুভকামনা রইল।’


মেসির প্রতি একই ধরনের আবেগ প্রকাশ করেছেন নেইমারও। ব্রাজিলের এই তারকা ফুটবল বিশ্বের পক্ষ থেকে মেসিকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘শুধু আর্জেন্টিনা নয়, ফুটবলের জন্য তুমি যা কিছু করেছ, তার জন্য পুরো বিশ্ব তোমাকে ধন্যবাদ জানায়। আমাকে ফুটবলকে আরও বেশি করে ভালোবাসতে শেখানোর জন্য ধন্যবাদ। তোমার বিরুদ্ধে খেলাটা যেমন সম্মানের ছিল, তোমার সঙ্গে পাশাপাশি খেলে ইতিহাস গড়াটা ছিল তার চেয়েও বেশি কিছু। তোমাকে ধন্যবাদ, লিও মেসি।’