মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা সীমান্ত দিয়ে সাতজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধের কারণে ওই চেষ্টা সফল হয়নি।
বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে ভারতের নদীয়া জেলার বজ্রনাথপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা সহড়াতলা সীমান্তের ১৪২ নম্বর আন্তর্জাতিক পিলারের ৫ ও ৬ এস সাব-পিলারের মাঝামাঝি এলাকা দিয়ে এ পুশইনের চেষ্টা চালায়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পুশইনের চেষ্টা করা সাতজনের মধ্যে একজন নারী ও ছয়জন পুরুষ রয়েছেন। তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে তারা সীমান্তের কাঁটাতারের কাছাকাছি এলাকায় অবস্থান করছিলেন।
স্থানীয় বাসিন্দা রোকনুজ্জামান জানান, বুধবার মধ্যরাতের কোনো এক সময়ে ওই সাতজনকে ভারতের সীমান্ত পার করে দেওয়া হয়। পরে তারা সীমান্ত এলাকায় ঘোরাফেরা করলে স্থানীয়রা বিষয়টি দেখতে পান এবং বিজিবিকে অবহিত করেন। পুশইনের আশঙ্কায় সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
বিজিবি ৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, ভোরে বিএসএফ সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছিল। কিন্তু বিজিবির কঠোর অবস্থানের কারণে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।