দক্ষিণ মেক্সিকোয় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৩ জন, আহত হয়েছেন আরও ৯৮ জন। প্রায় ২৫০ জন যাত্রী বহনকারী একটি ট্রেন আংশিকভাবে লাইনচ্যুত হলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সময় রোববার (২৮ ডিসেম্বর) দক্ষিণ ওয়াক্সাকা রাজ্যে ভ্রমণের সময় ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয় বলে জানিয়েছে মেক্সিকোর নৌবাহিনী। প্রাথমিকভাবে ২০ জন আহত হওয়ার তথ্য দেওয়া হলেও কয়েক ঘণ্টা পর প্রকাশিত হালনাগাদ বিবৃতিতে নৌবাহিনী জানায়, দুর্ঘটনায় আহতের সংখ্যা বেড়ে ৯৮ জনে দাঁড়িয়েছে এবং ১৩ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে।
ঘটনার পরপরই উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম শুরু করা হয়। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম জানিয়েছেন, তিনি নৌবাহিনীর প্রধানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।
এদিকে, মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে আনুষ্ঠানিক তদন্ত শুরু করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রেনটি মেক্সিকো উপসাগর ও প্রশান্ত মহাসাগরের মধ্যে চলাচলকারী একটি যাত্রী ও মালবাহী ট্রেন।
উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব মেক্সিকোর উন্নয়ন ত্বরান্বিত করতে তৎকালীন প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোরের উদ্যোগে ২০২৩ সালে এই রেললাইনটি একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প হিসেবে উদ্বোধন করা হয়েছিল।