সিঙ্গাপুরে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গত সোমবার (২৩ মার্চ) সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং মির্জা আব্বাসের একান্ত সহকারী সচিব মিজানুর রহমান সোহেল এ তথ্য নিশ্চিত করেন। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে, অভিনেত্রী ও সর্বশেষ জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের এমপি প্রার্থী মেঘনা আলম এক প্রতিক্রিয়ায় বলেন, মির্জা আব্বাসের কোনো ক্ষতি হলে তার ৮০ শতাংশ দায় পাটওয়ারীর অনিয়ন্ত্রিত বক্তব্যের ওপর বর্তাবে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে তিনি লিখেন, “মির্জা আব্বাস সাহেব যখন আমার লিফলেট গ্রহণ করেন, উনি একজন বয়স্ক সিনিয়র নেতা চেয়ার সরিয়ে দাড়িয়ে গ্রহণ করেন। ওনার ভদ্রতা, শিষ্টাচারিতা কতখানি তখন বুঝতে পারি। আমি নতুন, নারী, কম বয়সী, কিংবা ভোটের দৌড়ে অনেক মাসল পাওয়ার নিয়ে আসা কেউ না, কিন্তু আমার প্রতিও শ্রদ্ধা দেখাতে হবে এই বোধ ওনার ছিল।”
মেঘনা আলম আরও উল্লেখ করেন, মির্জা আব্বাস নিজেই একসময় তাকে জানিয়েছিলেন যে তার বিরুদ্ধে দুই শতাধিক মামলা রয়েছে। তখন তিনি তাকে সাহস দিয়ে বলেন, জনপ্রিয় ব্যক্তিদের বিরুদ্ধে একটি ভুয়া মামলায় ভেঙে পড়ার কিছু নেই।
এছাড়া সাম্প্রতিক সময়ে পাটোয়ারীর একটি মন্তব্যে মির্জা আব্বাসের ছেলেকে জড়িয়ে কথা বলার বিষয়টিও সামনে আনেন তিনি। তার ভাষায়, সন্তানের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় এ ধরনের মন্তব্য করা উচিত হয়নি।
সবশেষে তিনি আশা প্রকাশ করেন, মির্জা আব্বাস দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তবে তার কোনো ক্ষতি হলে পাটওয়ারীর বিতর্কিত বক্তব্যকে বড় কারণ হিসেবে দেখা হবে বলেও মন্তব্য করেন তিনি।