রাজধানীর মিরপুর-১৩ নম্বর এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইউসুফ আলী (৪৫) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। একই ঘটনায় নালাম সরদার (৪৫) ও মনির হোসেন (৩২) নামে আরও দুইজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন। আহত নালাম সরদার ও মনির হোসেনের চিকিৎসা চলছে।
আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া মামুন ও সজিব জানান, শুক্রবার রাতে মিরপুর-১৩ নম্বরের ই ব্লকে অবস্থিত ওপেক্স গার্মেন্টসের সামনে ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত হঠাৎ এলোপাতাড়ি গুলি চালায়। এতে ইউসুফ আলীর বুকের ডান পাশে, নালাম সরদারের মাথায় এবং মনির হোসেনের ডান পায়ে গুলি লাগে।
তারা আরও জানান, ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন হামলাকারীদের মধ্যে একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। তবে আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার কারণে আটক ব্যক্তির পরিচয় জানা সম্ভব হয়নি।
মামুন জানান, নিহত ইউসুফ আলী কাফরুল থানা যুবদলের একজন কর্মী। আহত মনির হোসেন ফুটপাতে কাপড়ের ব্যবসা করেন এবং নালাম সরদার সবজি ব্যবসায়ী। ইউসুফ আলীর বাড়ি বরিশাল জেলার উজিরপুর থানার শাকরাল গ্রামে। তার বাবার নাম শাহজাহান আলী।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও যুবদল কর্মী সুজন বলেন, ‘কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুল ইসলাম বাবু এই এলাকা থেকে কাউন্সিলর পদে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। আমরা প্রতিদিন তার বাসার কাছেই বসি। আজও বাবু ভাইয়ের বাসার নিচে আমরা কয়েকজন বসে কথা বলছিলাম। এমন সময় লক্ষ্য করলাম, অপরিচিত কয়েকজন আমাদের আশপাশে ঘোরাঘুরি করছে।’
তিনি বলেন, ‘তাদের দেখে সন্দেহ হওয়ায় কথা বলার জন্য আমরা কয়েকজন এগিয়ে যাই। আমাদের এগিয়ে যেতে দেখেই তারা এলোপাথাড়ি গুলি শুরু করে। এ সময় আমাদেরই একজন কর্মী ইউসুফ গুলিবিদ্ধ হন।’