কলকাতার ভবানীপুরে সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন এলাকা বিজেপি সমর্থকদের স্লোগানে উত্তাল হয়ে উঠেছে।
শনিবার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পরপরই এই উত্তেজনার সৃষ্টি হয়।
জানা গেছে, শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে বিজেপি কর্মীরা ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে জড়ো হয়ে ‘চোর-চোর’ এবং ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে থাকেন। এসময় বিক্ষোভকারীদের হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সম্বলিত বিভিন্ন ফেস্টুন ও প্রতীক দেখা যায়। অভিযোগ উঠেছে যে, বিক্ষোভ চলাকালীন একপর্যায়ে সেখানে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় দ্রুত ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।
অন্যদিকে, এমন রাজনৈতিক অস্থিরতার মধ্যেই নিজের বাসভবনে রবীন্দ্রজয়ন্তী পালনের আয়োজন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদনের পর তিনি উপস্থিত সকলের উদ্দেশে বক্তব্য রাখেন। বর্তমানে পশ্চিমবঙ্গের চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা থেকে রাজ্যকে মুক্ত রাখতে এবং শান্তি বজায় রাখতে তিনি সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এই ঘটনার পর থেকে ভবানীপুর ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা বলবৎ রয়েছে।