রবিবার, 8 নভেম্বর 2026
সকল বিভাগ

বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় সাবেক এমপি মিলন গ্রেপ্তার

বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও বাগেরহাট-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. আমিরুল আলম মিলনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় সাবেক এমপি মিলন গ্রেপ্তার
সাবেক এমপি মো. আমিরুল আলম মিলন। ছবি: সংগৃহীত

বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও বাগেরহাট-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. আমিরুল আলম মিলনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রুকনুজ্জামান।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির মতিঝিল বিভাগের উপপরিদর্শক মো. তোফাজ্জল হোসেন আদালতে মিলনকে হাজির করেন। পরে তাকে মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন জানানো হলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির এক দফা দাবি আদায়ের কর্মসূচিকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন। এর দুই দিন আগে, ৭ ডিসেম্বর, আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে ভাঙচুর করা হয় বলে অভিযোগ রয়েছে।

ওই সময়ের হামলায় বিএনপি কর্মী মকবুল হোসেন গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

এ ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলা করেন। মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনকে নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়।

মামলার এজাহারে আমিরুল আলম মিলনকে ৯৯ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

এর আগে ২০২৫ সালের মে মাসে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আমিরুল আলম মিলনকে গ্রেপ্তার করে। সেই সময় থেকে তিনি কারাগারে রয়েছেন।