বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় নতুন করে আরও চারজনকে যুক্ত করার আলোচনা চলছে। রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথের পরপরই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নিতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
আলোচনায় থাকা নতুন সদস্যদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ এবং সংসদ সদস্য সাচিং প্রু জেরী। এ ছাড়া প্রতিমন্ত্রী হিসেবে সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের নামও আলোচনায় রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, রাষ্ট্রপতি নতুন তিন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পড়াতে পারেন।
এদিকে মন্ত্রিসভায় যুক্ত হওয়ার বিষয়ে ফোন পাওয়ার কথা গণমাধ্যমকে জানিয়েছেন সাচিং প্রু জেরী।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গত ফেব্রুয়ারিতে সরকার গঠনের সময় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভায় সদস্য ছিলেন মোট ৫০ জন। তাদের মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন।
এর বাইরে বর্তমানে প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা রয়েছেন। তাদের মধ্যে পাঁচজন মন্ত্রীর এবং পাঁচজন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন।