মৌলভীবাজার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জননিরাপত্তা জোরদারে বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করেছে জেলা পুলিশ। জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এই নিরাপত্তা তৎপরতা চালানো হয়।
শনিবার (২৩ মে) সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমানের নির্দেশনায় এবং মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ভারপ্রাপ্ত পুলিশ সুপার) আসিফ মহিউদ্দীন, পিপিএম-এর নেতৃত্বে এ বিশেষ কার্যক্রম পরিচালিত হয়।
ড্রিল চলাকালে প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জামসহ পুলিশ সদস্যদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে মোতায়েন করা হয়। একই সঙ্গে জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে বিশেষ চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। সন্দেহভাজন ব্যক্তিদের পরিচয় যাচাইসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়ের; সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজুসহ জেলার বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলার প্রস্তুতি যাচাই করতে নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে।
পুলিশের এই তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও নিরাপত্তাবোধ তৈরি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।