শুক্রবার, 23 অক্টোবর 2026
সকল বিভাগ

মশা নিয়ন্ত্রণ শিখতে চসিক মেয়রের বিদেশ সফরে প্রধানমন্ত্রীর ‘না’

মশা দমন ব্যবস্থার আধুনিক পদ্ধতি পর্যবেক্ষণের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও কয়েকজন কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফরের প্রস্তাব অনুমোদন দেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রস্তাবটি নাকচ করা হয়েছে।

সোমবার রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং আরও পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের অনুমোদন চেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি সারসংক্ষেপ পাঠিয়েছিল।

প্রস্তাবিত সফরটির অর্থায়নের দায়িত্বে ছিল যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ভ্যালেন্ট বায়োসায়েন্সেস এলএলসি। সফরের উদ্দেশ্য হিসেবে মশা নিয়ন্ত্রণ ও দমন কার্যক্রমের আধুনিক পদ্ধতি সরেজমিনে পর্যবেক্ষণের কথা উল্লেখ করা হয়।

এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “মশা দমন বা নিয়ন্ত্রণ শেখার কিংবা তা পর্যবেক্ষণের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার কোনো প্রয়োজন নেই। সূর্যাস্তের পর দেশে যেকোনো স্থির পানির উৎসের পাশে দুই-তিন ঘণ্টা সময় কাটালেই মশা নিয়ন্ত্রণের বহু উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব।”

বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, “আগের সরকার বিভিন্ন প্রকল্প-সংশ্লিষ্ট বিদেশ সফরের নামে কর্মকর্তাদের বিদেশে পাঠাত। এতে প্রায়ই রাষ্ট্রীয় অর্থের অপচয় হতো।”

তিনি আরও বলেন, “এ ধরনের সফর রাষ্ট্রীয় অর্থে হোক বা বিদেশি কোনো সংস্থার অর্থায়নে হোক, সেগুলো থেকে কার্যকর কোনো ফল পাওয়া যায়নি।”

এদিকে বিএনপি মিডিয়া সেলের একটি ফেসবুক পোস্টে বলা হয়েছে, সরকারি কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশ সফর কমানোর লক্ষ্যে বর্তমান সরকারের নেওয়া কঠোর পদক্ষেপগুলোর অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।