জাতীয় সংসদে বিতর্কিত এক মন্তব্য ঘিরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিএনপি নেতা ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমানের বক্তব্যকে কেন্দ্র করে বিরোধী দলের সদস্যরা তীব্র প্রতিক্রিয়া জানালে অধিবেশনে হট্টগোল শুরু হয়।
মঙ্গলবার সংসদ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে ফজলুর রহমান বলেন, “বিরোধী দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামায়াতে ইসলামী করেন, এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধার পরিবারের কেউ জামায়াত করতে পারে না।”
তার এই মন্তব্যের পরপরই বিরোধী দলের সদস্যরা প্রতিবাদে সরব হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্পিকার তাদের শান্ত করার চেষ্টা করেন এবং একপর্যায়ে আসন থেকে দাঁড়িয়ে সংসদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।
বক্তব্যের এক পর্যায়ে ফজলুর রহমান আরও বলেন, “বিরোধী দলের নেতাকে সবসময় আমি মাননীয় বলে কথা বলি কিন্তু ওনার দলের লোকজন এখানে বসে আছে তারা আমাকে ফজা পাগলা বলে কথা বলে, তারা নাকি সভ্য, তারা নাকি ইসলাম?”
এর জবাবে সংসদে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলের নেতা শফিকুর রহমান। তিনি প্রশ্ন তোলেন, মুক্তিযোদ্ধার পরিবারের কেউ জামায়াত করতে চাইলে তাকে কি ফজলুর রহমানের অনুমতি নিতে হবে?
তিনি বলেন, “এটি আমার নাগরিক অধিকার, আমি কোন দল করবো, কোন আদর্শ আমি অনুসরণ করবো। এর ওপর হস্তক্ষেপ করার কোনো অধিকার রাষ্ট্র কিংবা সংবিধান কাউকে দেয়নি,” বলেন শফিকুর রহমান।