কমনওয়েলথ সরকারপ্রধানদের আসন্ন বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবর্তে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। এ বৈঠকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য রোববার তাকে পূর্ণমন্ত্রীর কর্তৃত্ব দিয়েছে সরকার।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়া এবং পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের উদ্দেশ্যে হুমায়ুন কবিরকে পূর্ণমন্ত্রীর কর্তৃত্ব দেওয়া হয়েছে।
রুলস অব বিজনেসের ৪(৩) ধারা অনুযায়ী তাকে এ কর্তৃত্ব দেওয়া হয়। এ ধারায় প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে কোনো মন্ত্রণালয়ে মন্ত্রী দায়িত্বে থাকাকালে প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীকে নির্দিষ্ট দায়িত্ব দেওয়ার বিধান রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১ থেকে ৪ নভেম্বর অ্যান্টিগুয়া ও বারবুডায় কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠক অনুষ্ঠিত হবে।
গত ১৭ ফেব্রুয়ারি গঠিত বিএনপির নতুন সরকারে খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী এবং দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলামকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভের দায়িত্বে ছিলেন খলিলুর রহমান। অন্যদিকে, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে নিজের উপদেষ্টা নিয়োগ করে পররাষ্ট্র এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন প্রধানমন্ত্রী।
পরে জুনে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নির্বাচিত হওয়ার পর মন্ত্রিসভায় পরিবর্তন আসে। গত ২১ আগস্ট শপথ নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন হুমায়ুন কবির। পরে তাকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়।
আগস্টের শেষ দিকে খলিলুর রহমান জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে যাওয়ার পর থেকে পররাষ্ট্রমন্ত্রীর বেশির ভাগ দায়িত্ব পালন করে আসছেন হুমায়ুন কবির।
স্পেন ও যুক্তরাজ্য সফরে শামা ওবায়েদ
এদিকে পাঁচ দিনের সরকারি সফরে স্পেন ও যুক্তরাজ্যে গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রোববার এক বিজ্ঞপ্তিতে তার সফরের কথা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর করা এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভিত্তি হিসেবে সাংস্কৃতিক কূটনীতিকে কাজে লাগানোর ক্ষেত্রে এ সফরের গুরুত্ব রয়েছে। দুই দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, ব্যবসা, পর্যটন, দক্ষতা উন্নয়ন ও সাংস্কৃতিক বিনিময়ে সহযোগিতার সুযোগ তৈরির লক্ষ্যে বিভিন্ন পর্যায়ে বৈঠক করবেন প্রতিমন্ত্রী।
আগামী ২৬ অক্টোবর স্পেনের সেভিয়েতে তৃতীয় স্পেন-বাংলাদেশ এক্সপো-২০২৬ উদ্বোধন করবেন শামা ওবায়েদ। বাংলাদেশি রপ্তানিকারকদের সঙ্গে স্পেনের উৎপাদক, আমদানিকারক ও বিনিয়োগকারীদের যোগাযোগ বাড়ানোর উদ্দেশ্যে এ মেলার আয়োজন করেছে স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসবিসিসিআই)।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্পেন সফর শেষে ২৯ ও ৩০ অক্টোবর যুক্তরাজ্য সফর করবেন প্রতিমন্ত্রী। এ সফরে বাংলাদেশি শিল্প ও সংস্কৃতির প্রসার, আন্তর্জাতিক সাংস্কৃতিক অংশীদারত্ব বাড়ানো এবং দেশের সৃজনশীল অর্থনীতির বিকাশে নতুন সুযোগ অনুসন্ধানের ওপর গুরুত্ব দেওয়া হবে।