প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান অভিযোগ করেছেন, ভারতীয় উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোপনে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সোমবার (২৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ করেন।
রাশেদ খানের দাবি, গত ১৬ অক্টোবর মাগরিবের নামাজের পর রাজধানীর বারিধারার একটি বাড়িতে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ভারতীয় উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে মিয়া গোলাম পরওয়ার, জামায়াত নেতা এ টি এম মা’ছুমসহ মোট তিনজন অংশ নেন।
স্ট্যাটাসে রাশেদ খান প্রশ্ন তোলেন, যারা সারাদিন ভারতের বিরুদ্ধে বক্তব্য দেন, তারা কোন স্বার্থে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোপন বৈঠকে অংশ নিয়েছেন? তাঁর মতে, ভারতীয় কোনো কূটনীতিকের সঙ্গে বৈঠক করা এবং দেশটির উচ্চপর্যায়ের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক করা এক বিষয় নয়।
তিনি আরও বলেন, মিয়া গোলাম পরওয়ার নৈতিক রাজনীতি করে থাকলে গোপন বৈঠকের বিষয়টি পরিষ্কার করবেন বলে তিনি আশা করেন। তা না হলে জামায়াত রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত—এমনটি ধরে নেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।
রাশেদ খানের অভিযোগ, এই ষড়যন্ত্রের প্রথম ফাঁদ হলো আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে জামায়াতের আন্দোলনের পরিকল্পনা।