মঙ্গলবার, 20 অক্টোবর 2026
সকল বিভাগ

নেপালের সাবেক প্রধানমন্ত্রী অলি গ্রেপ্তার

নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বালেন্দ্র শাহ (বালেন শাহ) শপথ নেওয়ার পরদিনই বড় ধরনের রাজনৈতিক পটপরিবর্তন ঘটেছে।

নেপালের সাবেক প্রধানমন্ত্রী অলি গ্রেপ্তার
ছবিঃ সংগৃহীত

নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বালেন্দ্র শাহ (বালেন শাহ) শপথ নেওয়ার পরদিনই বড় ধরনের রাজনৈতিক পটপরিবর্তন ঘটেছে।

শনিবার( ২৮ মার্চ) রাজধানী কাঠমান্ডুর ভক্তপুর এলাকা থেকে সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। কাঠমান্ডু ভ্যালি পুলিশের মুখপাত্র ওম অধিকারী এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ আদালতের সাবেক বিচারক গৌরী বাহাদুর কার্কির নেতৃত্বাধীন তদন্ত কমিশনের সুপারিশের ভিত্তিতে এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করেই এই দুই শীর্ষ নেতাকে হেফাজতে নেওয়া হয়েছে। মূলত ২০২৫ সালের সেপ্টেম্বরে ওলি সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ এবং পরবর্তীতে সৃষ্ট ‘জেন-জি’ বিক্ষোভ দমনে কঠোর ভূমিকা পালনের দায়ে তাদের অভিযুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে নেপালে ওলি সরকারের বিরুদ্ধে ব্যাপক জনবিক্ষোভ শুরু হলে তা দমনে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দেন। বিশেষ করে ৮ ও ৯ সেপ্টেম্বর বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৭০ জন নিহত হন, যাদের মধ্যে ১৯ জনই ছিলেন সাধারণ আন্দোলনকারী। পরিস্থিতির অবনতি ঘটলে প্রথমে রমেশ লেখক এবং পরে ১১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ওলি পদত্যাগ করতে বাধ্য হন।

পরবর্তীতে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং গৌরী বাহাদুর কার্কির নেতৃত্বে ওই সহিংসতা ও অভ্যুত্থান চেষ্টার তদন্তে কমিশন গঠন করা হয়। গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জয়ী হয়ে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির ৩৫ বছর বয়সী নেতা বালেন্দ্র শাহ নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

গ্রেপ্তারের পর নেপালের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় জানান, এই পদক্ষেপ কোনো রাজনৈতিক প্রতিশোধ নয়, বরং নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন। তিনি উল্লেখ করেন যে, ন্যায়বিচার প্রতিষ্ঠার যে অঙ্গীকার তারা করেছিলেন, এটি তারই অংশ এবং আইনের ঊর্ধ্বে কেউ নয়।