শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

নিজেদের পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দিল ইরান

নিজেদের উৎপাদিত স্টিল স্ল্যাব ও শিট রপ্তানির ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান।

নিজেদের পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দিল ইরান
ছবি : সংগৃহীত

নিজেদের উৎপাদিত স্টিল স্ল্যাব ও শিট রপ্তানির ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান।

সোমবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে জানানো হয়, আগামী ৩০ মে পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। ইরানের ট্রেড প্রমোশন অর্গানাইজেশন এক নির্দেশনায় জানিয়েছে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের প্রভাবে দেশটির ইস্পাত শিল্পে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। অভ্যন্তরীণ চাহিদা মেটাতে এবং শিল্প খাতকে সুরক্ষা দিতেই রপ্তানি বন্ধের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইরানের ইস্পাত উৎপাদনকারী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে স্টিল স্ল্যাব ও হট-রোলড শিট আমদানির পরিকল্পনা করা হচ্ছে। সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানগুলোকে আগামী দুই মাসের জন্য প্রয়োজনীয় কাঁচামালের মজুদ ও ব্যবহার অত্যন্ত সতর্কতার সাথে ব্যবস্থাপনা করার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, ইরান যুদ্ধের ক্রমবর্ধমান প্রভাব ও উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনায় মঙ্গলবার (২৮ এপ্রিল) একটি জরুরি উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নিজেই এই ‘কোবরা’ (ক্যাবিনেট অফিস ব্রিফিং রুম এ) বৈঠকে সভাপতিত্ব করবেন। ট্রেড ইউনিয়নের সদস্যদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে প্রধানমন্ত্রী স্টারমার নিশ্চিত করেন যে, যুদ্ধের ফলে সৃষ্ট সংকট মোকাবিলায় এবং কর্মজীবী মানুষের স্বার্থ সুরক্ষায় ব্যাংক অব ইংল্যান্ডের প্রতিনিধিরাসহ সরকারের নীতিনির্ধারকরা এই বৈঠকে অংশ নেবেন।

অন্যদিকে, কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে পাকিস্তান ও ওমান সফর শেষে বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সেন্ট পিটার্সবার্গে পৌঁছেই তিনি ইসলামাবাদের শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার জন্য যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিকে দায়ী করেন। সাংবাদিকদের আরাগচি জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং ভবিষ্যৎ আলোচনার শর্তাবলি নিয়ে রুশ মিত্রদের সাথে বিস্তারিত আলোচনা করবেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী আরাগচি আরও উল্লেখ করেন যে, হরমুজ প্রণালি বন্ধ রাখার বিষয়টি বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আন্তর্জাতিক সমুদ্রপথে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করতে এবং নিজেদের জাতীয় স্বার্থ রক্ষায় ওমানসহ প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রেখে কাজ করার আহ্বান জানান তিনি।