বুধবার, 21 অক্টোবর 2026
সকল বিভাগ

নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বিষয়ক গণভোটকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নজিরবিহীন আগ্রহ দেখা দিয়েছে। এই দুই গুরুত্বপূর্ণ জাতীয় কার্যক্রম পর্যবেক্ষণে এখন পর্যন্ত ৩৩০ জন বিদেশি পর্যবেক্ষকের বাংলাদেশে আগমনের বিষয়টি নিশ্চিত হয়েছে, যা দেশের নির্বাচনী ইতিহাসে সর্বোচ্চ।

নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
ছবি: সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বিষয়ক গণভোটকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নজিরবিহীন আগ্রহ দেখা দিয়েছে। এই দুই গুরুত্বপূর্ণ জাতীয় কার্যক্রম পর্যবেক্ষণে এখন পর্যন্ত ৩৩০ জন বিদেশি পর্যবেক্ষকের বাংলাদেশে আগমনের বিষয়টি নিশ্চিত হয়েছে, যা দেশের নির্বাচনী ইতিহাসে সর্বোচ্চ।

শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)সহ ছয়টি আন্তর্জাতিক সংস্থা মোট ৬৩ জন পর্যবেক্ষক পাঠাতে সম্মত হয়েছে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন, ১৬টি দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী আরও ৩২ জন স্বতন্ত্র পর্যবেক্ষক নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত থাকবেন।

বিগত নির্বাচনগুলোর তুলনায় এবার আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৪ সালের ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনে যেখানে বিদেশি পর্যবেক্ষকের সংখ্যা ছিল সীমিত, সেখানে এবারে তা দ্বিগুণেরও বেশি। পরিসংখ্যান অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫৮ জন, একাদশ নির্বাচনে ১২৫ জন এবং দশম নির্বাচনে মাত্র চারজন আন্তর্জাতিক পর্যবেক্ষক অংশ নিয়েছিলেন।

ওআইসির পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেবেন সংস্থাটির নির্বাচন পর্যবেক্ষণ ইউনিটের প্রধান শাকির মাহমুদ বান্দার। এ ছাড়া এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (আনফ্রেল) থেকে ২৮ জন, কমনওয়েলথ সেক্রেটারিয়েট থেকে ২৫ জন এবং যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) থেকেও পর্যবেক্ষক আসছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পক্ষে ৩২ জন বিশেষজ্ঞ ব্যক্তি পর্যবেক্ষক হিসেবেও নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সফর সমন্বয়ের দায়িত্বে থাকা সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ বলেন, পর্যবেক্ষকের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ আমন্ত্রণ জানানো কয়েকটি দেশ এখনো তাদের প্রতিনিধিদের নাম চূড়ান্ত করেনি।

বর্তমানে ভারত, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, নেপালসহ অন্তত ১১টি দেশ তাদের পর্যবেক্ষক তালিকা প্রস্তুতের প্রক্রিয়ায় রয়েছে। পাশাপাশি দক্ষিণ এশিয়ার নির্বাচন ব্যবস্থাপনা সংস্থাগুলোর ফোরাম ফেমবোসাও শিগগিরই তাদের পর্যবেক্ষকদের নাম ঘোষণা করতে পারে।

উল্লেখ্য, এবারের নির্বাচনে দেশের ৩০০টি সংসদীয় আসনে ৫০টিরও বেশি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে প্রায় দুই হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট অনুষ্ঠিত হবে।