মঙ্গলবার, 27 অক্টোবর 2026
সকল বিভাগ

নির্বাচনী প্রচারণায় মাদ্রাসা শিক্ষার্থী, জরিমানা গুনলেন শিক্ষক

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে ফেনীর সোনাগাজীতে মাদ্রাসার শিক্ষার্থীদের দিয়ে প্রচারণা চালানোর ঘটনায় এক শিক্ষককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাচনী  প্রচারণায় মাদ্রাসা শিক্ষার্থী, জরিমানা গুনলেন শিক্ষক
ছবি: সংগৃহীত

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে ফেনীর সোনাগাজীতে মাদ্রাসার শিক্ষার্থীদের দিয়ে প্রচারণা চালানোর ঘটনায় এক শিক্ষককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ মিয়া এ আদেশ দেন। অভিযুক্ত শিক্ষককে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার সকালে সোনাগাজীর চরদরবেশ এলাকায় ফেনী-৩ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও দলীয় প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর নির্বাচনী প্রচারণা চলাকালে আশরাফুল উলুম আকবরিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা সড়কের পাশে দাঁড়িয়ে ধানের শীষের পক্ষে স্লোগান দেন। ওই সময় মাদ্রাসার শিক্ষক মোশাররফ হোসেন শিক্ষার্থীদের প্রচারণায় অংশ নিতে উৎসাহিত করেন। একই সঙ্গে প্রার্থী নিজেও শিক্ষার্থীদের সঙ্গে হাত মিলিয়ে উৎসাহ প্রকাশ করেন।

ঘটনার বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ মিয়া জানান, তদন্তে শিক্ষার্থীদের দিয়ে বিএনপির নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর ১৫ ধারা লঙ্ঘনের দায়ে ২৭(ক) ধারার আওতায় শিক্ষক মোশাররফ হোসেনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনী আচরণবিধি ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।