মঙ্গলবার, 20 অক্টোবর 2026
সকল বিভাগ

নির্বাচনের পরপরই দেশ ছাড়তে পারেন আইজিপি

জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগমুহূর্তে পুলিশের সর্বোচ্চ পদে থাকা কর্মকর্তার একটি সিদ্ধান্ত প্রশাসনে আলোড়ন তুলেছে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম কূটনৈতিক মর্যাদার লাল পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্ট নিতে আগ্রহ প্রকাশ করেছেন।

নির্বাচনের পরপরই দেশ ছাড়তে পারেন আইজিপি
ছবিঃ সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগমুহূর্তে পুলিশের সর্বোচ্চ পদে থাকা কর্মকর্তার একটি সিদ্ধান্ত প্রশাসনে আলোড়ন তুলেছে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম কূটনৈতিক মর্যাদার লাল পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্ট নিতে আগ্রহ প্রকাশ করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি তিনি সরকারি পাসপোর্ট সমর্পণের ইচ্ছা জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছেন। তবে চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হতে এখনো আট মাস বাকি থাকতেই কেন তিনি সাধারণ পাসপোর্ট নিতে চাইছেন—তা নিয়ে সচিবালয় ও পুলিশ সদর দপ্তরে নানা আলোচনা চলছে।

এ অবস্থায় উল্লেখযোগ্য হলো, সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে সরকার-সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য কূটনৈতিক পাসপোর্ট সমর্পণ করে সাধারণ পাসপোর্ট নেওয়ার প্রক্রিয়া সহজ করেছে। ওই প্রজ্ঞাপনে পুলিশ ভেরিফিকেশন ও দুটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদন বাধ্যতামূলক থাকার আগের সিদ্ধান্ত সংশোধন করা হয়। এতে সাবেক সরকারের আমলে জারি করা বিধিনিষেধ কূটনৈতিক পাসপোর্টের ক্ষেত্রে বহাল রাখা হলেও বর্তমান সরকারের জন্য তা শিথিল করা হয়েছে।

সূত্র অনুযায়ী, বাহারুল আলম নিজ উদ্যোগেই তার ব্যবহৃত কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্ট ইস্যুর অনুরোধ জানান। এ বিষয়ে অনাপত্তি সনদ (এনওসি) চেয়ে গত ৩ ফেব্রুয়ারি তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর একটি চিঠি পাঠান।

চিঠিতে তিনি লেখেন—
‘আমি বাহারুল আলম ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশ, আমার ব্যবহৃত কূটনৈতিক পাসপোর্ট সমর্পণপূর্বক সাধারণ পাসপোর্ট গ্রহণ করতে ইচ্ছুক। বর্ণিত কূটনৈতিক পাসপোর্টের পরিবর্তে সাধারণ পাসপোর্ট প্রাপ্তির জন্য অনাপত্তি সনদ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ করা হলো।’

প্রসঙ্গত, রক্তাক্ত জুলাই গণ-অভ্যুত্থানের পর নৈতিকভাবে দুর্বল ও বিশৃঙ্খল হয়ে পড়া পুলিশ বাহিনী পুনর্গঠনের লক্ষ্যে সাবেক অতিরিক্ত আইজিপি বাহারুল আলমকে অবসর থেকে ফিরিয়ে আনা হয়। অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ২১ নভেম্বর প্রজ্ঞাপন জারি করে তাকে চুক্তিভিত্তিক আইজিপি হিসেবে নিয়োগ দেয়।

বর্তমান চুক্তি অনুযায়ী, চলতি বছরের ২০ নভেম্বর পর্যন্ত তার চাকরির মেয়াদ রয়েছে। এর আগে, গত ৭ আগস্ট অতিরিক্ত আইজিপি মইনুল ইসলাম দেশের ৩০তম আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। বর্তমানে তিনি পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত।