উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর চাপের মুখে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) স্কোয়াড থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কে যে অচলাবস্থা তৈরি হয়েছিল, তার অবসান ঘটতে যাচ্ছে। নিরাপত্তার অজুহাতে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশের অস্বীকৃতি এবং পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচারে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, নবনির্বাচিত সরকার তা প্রত্যাহার করে নিয়েছে। ফলে এখন থেকে বাংলাদেশে আইপিএল সম্প্রচারে আর কোনো আইনি বাধা থাকছে না।
ক্রিকেট বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম ক্রিকবাজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। নতুন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আসন্ন আইপিএল আসর বাংলাদেশে প্রচারের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো প্রতিবন্ধকতা নেই। এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও ইঙ্গিত দিয়েছিলেন যে, পূর্ববর্তী অন্তর্বর্তী সরকারের দেওয়া ওই নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করা হবে।
ডয়চে ভেলের বরাত দিয়ে তথ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, সরকার খেলাধুলার সাথে রাজনীতিকে মেলাতে চায় না এবং বিষয়টিকে সম্পূর্ণ বাণিজ্যিক দৃষ্টিভঙ্গিতে দেখা হচ্ছে। তিনি জানান, কোনো টেলিভিশন চ্যানেল যদি আইপিএল সম্প্রচারের জন্য আবেদন করে, তবে সরকার তা ইতিবাচকভাবে বিবেচনা করবে। বিশেষ করে স্টার স্পোর্টস বা দেশীয় কোনো চ্যানেল চাইলে স্বতস্ফূর্তভাবে এই টুর্নামেন্ট প্রচার করতে পারবে, এতে সরকারের কোনো আপত্তি নেই।
এদিকে বাংলাদেশ কেবল অপারেটরস অ্যাসোসিয়েশনের (কোয়াব) দপ্তর সম্পাদক রেজাউল করিম লাবলু জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে নতুন কোনো নিষেধাজ্ঞা না থাকায় তারা স্টার স্পোর্টস বা অন্য কোনো চ্যানেলে আইপিএল প্রদর্শনে বাধা দেবেন না। তিনি স্পষ্ট করেন যে, আগের অন্তর্বর্তী সরকারের সেই নির্দেশনার কার্যকারিতা এখন আর নেই। বর্তমান নির্বাচিত সরকার যদি ভবিষ্যতে কোনো নির্দেশনা দেয়, তবেই তারা সে অনুযায়ী ব্যবস্থা নেবেন।
উল্লেখ্য, মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার ঘটনায় সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন তৎকালীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ ঘোষণা করেছিল। সরকারের বর্তমান এই সিদ্ধান্তের ফলে দেশের ক্রিকেটপ্রেমীরা আবারও টেলিভিশনের পর্দায় আইপিএলের উন্মাদনা উপভোগ করার সুযোগ পাচ্ছেন।