বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

নিয়োগপত্রের দাবিতে ফের উত্তাল শাহবাগ, মুখোমুখি শিক্ষক-পুলিশ

দীর্ঘ আড়াই মাস ধরে সুপারিশপ্রাপ্ত হয়েও চূড়ান্ত নিয়োগপত্র না পাওয়ায় রাজপথে আন্দোলনে নেমেছেন প্রাথমিক সহকারী শিক্ষকরা।

নিয়োগপত্রের দাবিতে ফের উত্তাল শাহবাগ, মুখোমুখি শিক্ষক-পুলিশ
ছবি : সংগৃহীত

দীর্ঘ আড়াই মাস ধরে সুপারিশপ্রাপ্ত হয়েও চূড়ান্ত নিয়োগপত্র না পাওয়ায় রাজপথে আন্দোলনে নেমেছেন প্রাথমিক সহকারী শিক্ষকরা।

রোববার সকাল ১০টার দিকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই কর্মসূচি শুরু হয়। দাবি আদায়ে আন্দোলনকারীরা একটি মিছিল নিয়ে মূল সড়কের দিকে এগোতে চাইলে পুলিশি বাধার মুখে পড়েন, যা পরবর্তীতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে।

ঘটনাস্থলে দেখা যায়, মিছিলটি সামনের দিকে এগোতে না পেরে আন্দোলনকারীরা জাদুঘরের সামনের অংশে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে পুলিশ ও চাকরিপ্রার্থীদের মধ্যে এক ধরনের মুখোমুখি অবস্থান বিরাজ করছিল। আন্দোলনরত শিক্ষকদের হাতে থাকা বিভিন্ন প্লাকার্ডে 'প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চাই', 'শ্রেণিকক্ষে ফিরতে চাই' এবং 'নিয়োগ ছাড়া ফিরব না' এমন সব দাবি সংবলিত স্লোগান দেখা যায়।

বিক্ষুব্ধ শিক্ষকরা অভিযোগ করেন, সুপারিশপ্রাপ্ত হওয়ার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও রহস্যজনক কারণে তাদের নিয়োগপত্র আটকে রাখা হয়েছে। এখন পর্যন্ত মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট দপ্তর থেকে তাদের নিয়োগের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দ্রুত কর্মস্থলে যোগদানের সুযোগ দেওয়ার দাবি জানান তারা।

আন্দোলনকারীরা সাফ জানিয়েছেন, নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে শাহবাগ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।