পঞ্চগড়ের আটোয়ারীতে নির্বাচনের দিন অবৈধভাবে নমুনা ব্যালট বহনের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীর এক সমর্থককে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আটোয়ারী মডেল পাইলট উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে থেকে তাকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত সুকুমার দাস বাবু (৪৮) আটোয়ারী উপজেলা যুবশক্তির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আদালত সূত্রে জানা গেছে, কারাদণ্ডের পাশাপাশি সুকুমার দাসকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অনাদায়ে তাকে আরও ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। তিনি উপজেলার তোড়িয়া ইউনিয়নের ফকিরগঞ্জ বাজার এলাকার বিমল দাসের ছেলে। স্থানীয়রা জানান, সকালে সুকুমার দাস ও তার সহযোগীরা এক বান্ডিল নমুনা ব্যালট নিয়ে ‘শাপলা কলি’ প্রতীকের পক্ষে ভোট চাচ্ছিলেন। বিষয়টি ধানের শীষ প্রতীকের কর্মীদের নজরে এলে তারা তাকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, বিচারিক আদালতের সংক্ষিপ্ত শুনানির পর দোষী সাব্যস্ত হওয়ায় তাকে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রানা পারভেজ এই সামারি ট্রায়াল পরিচালনা করেন।
রিটার্নিং অফিসার ও পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান জানান, নির্বাচনী আইন লঙ্ঘনের দায়ে আটক ব্যক্তির বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। জাল ব্যালট বা নমুনা ব্যালট নিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর যেকোনো চেষ্টা রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি হুঁশিয়ারি দেন।