স্বাস্থ্যমন্ত্রীর বিশেষ নির্দেশনায় নরসিংদী সদর হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে ঝটিকা অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে র্যাব।
সোমবার (২৩ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। দীর্ঘদিন ধরে হাসপাতালের ভেতরে একটি সক্রিয় চক্র সাধারণ রোগীদের হয়রানি এবং অবৈধভাবে অর্থ আদায় করছে—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন নরসিংদীর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।
র্যাব-১১-এর ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম জানিয়েছেন, আটককৃতরা হলেন দত্তপাড়া এলাকার শিবলু মিয়া ও বাবু মিয়া, উত্তর কাউরিয়া পাড়ার আরমান, কাউরিয়া পাড়ার সজীব মিয়া, পশ্চিম কান্দার রানা মিয়া এবং পূর্ব দত্তপাড়ার রফিকুল ইসলাম। রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে এবং হাসপাতালের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে দালালদের দৌরাত্ম্য বন্ধ করা জরুরি হয়ে পড়েছিল বলে সংস্থাটি জানায়। সরকারি হাসপাতালে সেবা নিতে আসা সাধারণ মানুষ যেন কোনোভাবে প্রতারণার শিকার না হয়, সে লক্ষ্যে র্যাবের পক্ষ থেকে নিয়মিত এই ধরনের নজরদারি চালানো হচ্ছে।
অভিযান শেষে আটককৃতদের অপরাধের মাত্রা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও আর্থিক জরিমানা প্রদান করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্থানীয় বাসিন্দারা এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।