২০২৭ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। বাছাইপর্ব পেরিয়ে আরও একটি দল এই গ্রুপে যোগ দেবে, যাদের ‘কোয়ালিফায়ার বি’ হিসেবে রাখা হয়েছে।
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় যৌথভাবে হবে ২০২৭ বিশ্বকাপ। আসরে ‘এ’ গ্রুপে একই সঙ্গে পড়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এই গ্রুপের অন্য দলগুলো হলো অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও জিম্বাবুয়ে। বাছাইপর্ব থেকে আরও একটি দল যুক্ত হবে এই গ্রুপে, যাদের বলা হচ্ছে ‘কোয়ালিফায়ার এ’।
স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সঙ্গে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে। তবে অন্য স্বাগতিক নামিবিয়া আইসিসির পূর্ণ সদস্য না হওয়ায় তাদের বাছাইপর্ব খেলতে হবে।
১০ দলের এই বাছাইপর্ব থেকে একটি দল সরাসরি বিশ্বকাপের গ্রুপ পর্বে জায়গা করে নেবে। আরেকটি দল আসবে নতুন কাঠামোর ‘সুপার সিরিজ’ থেকে।
আগামী বিশ্বকাপে দলের সংখ্যা ১০ থেকে বাড়িয়ে ১৪ করা হয়েছে। তবে বাছাইপর্বে অংশ নেওয়া সব দল মূল পর্বে খেলার সুযোগ পাবে না। নতুন কাঠামোয় বাছাইপর্বে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ হওয়া তিন দলকে নিয়ে হবে ‘সুপার সিরিজ’।
এই পর্ব থেকে দুটি দল বাদ পড়বে এবং শীর্ষ দলটি বিশ্বকাপের গ্রুপ পর্বের টিকিট পাবে। ফলে গ্রুপ পর্বে খেলবে মোট ১২টি দল, যাদের দুটি গ্রুপে ভাগ করা হবে।
গ্রুপ পর্বে প্রতিটি দল পাঁচটি করে ম্যাচ খেলবে। দুই গ্রুপের শীর্ষ তিনটি করে দল এবং দুই গ্রুপ মিলিয়ে পরের সর্বোচ্চ অবস্থানে থাকা দলকে নিয়ে হবে ‘সুপার সেভেন’ পর্ব। এই পর্বের শীর্ষ চার দল খেলবে সেমিফাইনালে।