আসন্ন অমর একুশে বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশকদের জন্য স্টল ভাড়ার হার ২৫ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। প্রকাশনা সংস্থাগুলোর পক্ষ থেকে আসা দীর্ঘদিনের আবেদনের প্রেক্ষিতে তাদের আর্থিক চাপ কমাতে এই ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার সংস্কৃতি উপদেষ্টা, মন্ত্রণালয়ের সচিব এবং বাংলা একাডেমির মহাপরিচালকের মধ্যে অনুষ্ঠিত এক বিশেষ বৈঠকে এই নির্দেশনা প্রদান করা হয়। ২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু হতে যাচ্ছে আগামী ২০ ফেব্রুয়ারি থেকে। সময় ঘনিয়ে আসায় বাংলা একাডেমিকে দ্রুত নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে।
সংস্কৃতি মন্ত্রণালয় মনে করছে, স্টল ভাড়া কমানোর ফলে প্রকাশকদের অংশগ্রহণের পথ আরও সুগম হবে, যা এবারের মেলাকে লেখক, পাঠক ও প্রকাশকদের একটি প্রাণবন্ত মিলনমেলায় পরিণত করতে সহায়ক ভূমিকা রাখবে। এই উদ্যোগের ফলে বইয়ের দাম ও প্রকাশনা ব্যয়েও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।