শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

অনলাইন জুয়ায় টাকা হারার পর তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

একটি ক্যামেরা কেনার স্বপ্ন নিয়ে ভবিষ্যৎ গড়তে চেয়েছিলেন তরুণ ফটোগ্রাফার তন্ময় গোস্বামী। কিন্তু সেই স্বপ্ন শেষ পর্যন্ত থেমে গেল অনলাইন ক্যাসিনোর নেশায়। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২২ বছর বয়সী এই তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যার পর পৌর শহরের পূর্বাশা আবাসিক এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) তামিম।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, পেশাদার ফটোগ্রাফার হওয়ার স্বপ্ন ছিল তন্ময়ের। সেই লক্ষ্য পূরণে ক্যামেরা কেনার জন্য পরিবার তার হাতে একটি বড় অঙ্কের টাকা তুলে দেয়। তবে সহজে অর্থ উপার্জনের আশায় তিনি অনলাইন ক্যাসিনোয় জড়িয়ে পড়েন এবং অল্প সময়ের মধ্যেই ক্যামেরা কেনার পুরো অর্থ হারিয়ে ফেলেন।

স্বজনদের দাবি, অর্থ হারানোর পর তীব্র অনুশোচনা, ঋণের চাপ এবং মানসিক অস্থিরতায় ভুগছিলেন তন্ময়। শেষ পর্যন্ত সেই চাপ সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

এই মর্মান্তিক ঘটনা আবারও অনলাইন ক্যাসিনোর ভয়াবহ প্রভাব নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। একটি পরিবারের স্বপ্ন ভেঙে যাওয়ার পাশাপাশি ঘটনাটি তরুণদের জন্যও সতর্কবার্তা হয়ে উঠেছে।