মঙ্গলবার, 20 অক্টোবর 2026
সকল বিভাগ

অর্থ সংকটে জাতিসংঘ, গুতেরেসের সতর্কবার্তা

জাতিসংঘ মারাত্মক আর্থিক সংকটে পড়েছে, যা সংস্থাটিকে অচল হওয়ার ধারে পৌঁছে দিয়েছে বলে সতর্ক করেছেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

অর্থ সংকটে জাতিসংঘ, গুতেরেসের সতর্কবার্তা
অ্যান্তোনিও গুতেরেস। ছবি: সংগৃহীত

জাতিসংঘ মারাত্মক আর্থিক সংকটে পড়েছে, যা সংস্থাটিকে অচল হওয়ার ধারে পৌঁছে দিয়েছে বলে সতর্ক করেছেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

সদস্য রাষ্ট্রগুলোর কাছে প্রেরিত এক চিঠিতে তিনি জানিয়েছেন, বকেয়া চাঁদা পরিশোধ না করা হলে এবং আর্থিক নিয়মে প্রয়োজনীয় পরিবর্তন আনা না হলে, বিশ্ব সংস্থা অচিরেই কার্যক্রম চালানো বন্ধ করতে বাধ্য হবে।

জাতিসংঘের সদর দপ্তরে এক ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র ফারহান হক জানিয়েছেন, “তহবিলের অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে, সদস্য রাষ্ট্রগুলোকে এখনই বকেয়া পরিশোধ করতে হবে, অন্যথায় আর কোনো উপায় থাকবে না।” তিনি আরও বলেন, পূর্ববর্তী বছরের মতো কার্যক্রম সচল রাখার জন্য পর্যাপ্ত নগদ অর্থ সংস্থার হাতে নেই।

উল্লেখ্য, ২০২৫ সালের শেষে সদস্য রাষ্ট্রগুলোর কাছে রেকর্ড ১.৫৭ বিলিয়ন ডলার বকেয়া জমেছে।

সংকটের পেছনে নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ না করা হলেও, বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক বিভিন্ন জাতিসংঘ সংস্থা থেকে অর্থায়ন প্রত্যাহার এবং বিকল্প বৈশ্বিক উদ্যোগ নেওয়ার ঘোষণা এই সংকটকে আরও তীব্র করেছে। মানবাধিকার সংস্থার বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, বড় রাষ্ট্রগুলোর অনীহা আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষার কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে পারে।

বর্তমান নিয়ম অনুযায়ী, সদস্য দেশগুলোর জিডিপি ও ঋণের সক্ষমতা বিবেচনা করে বার্ষিক চাঁদা নির্ধারণ করা হয়। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র সর্বোচ্চ ২২ শতাংশ এবং চীন ২০ শতাংশ অর্থায়ন করে থাকে। মহাসচিব চিঠিতে আরও উল্লেখ করেছেন, জুলাই মাসের মধ্যে জাতিসংঘের নগদ অর্থ শেষ হয়ে যেতে পারে।

তিনি একটি প্রাচীন নিয়মের সমালোচনা করে বলেছেন, “প্রতি বছর অব্যবহৃত অর্থ ফেরত দেওয়ার যে নিয়ম রয়েছে, তা বর্তমানে অবাস্তব হয়ে দাঁড়িয়েছে। পর্যাপ্ত অর্থ না থাকায় ফেরত দেওয়ার প্রক্রিয়াটি সংস্থাকে এক অদ্ভুত চক্রে আটকে ফেলেছে।”

১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে মাত্র ৩৬টি দেশ ২০২৬ সালের চাঁদা পূর্ণ পরিশোধ করেছে, যা সংস্থার ভবিষ্যতকে গভীর অনিশ্চয়তার মুখে ফেলেছে।

সূত্র: আলজাজিরা