যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার নেতৃত্বের দায়িত্ব থেকে সরে এসেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ।
শুক্রবার (২৪ এপ্রিল) সংবাদমাধ্যম 'ইরান ইন্টারন্যাশনাল' এক প্রতিবেদনে জানিয়েছে, আভ্যন্তরীণ মতপার্থক্যের জেরে স্পিকার ঘালিবাফকে আলোচনার নেতৃত্ব থেকে সরে আসতে বাধ্য করা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইরান-মার্কিন শান্তি আলোচনার নেতৃত্বের দায়িত্ব নিয়ে ইসলামাবাদ যাওয়ার বিষয়ে নিজের আগ্রহ প্রকাশ করেছেন।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত ইরান-যুক্তরাষ্ট্র শান্তি বৈঠকে 'পরমাণু ইস্যু' অন্তর্ভুক্ত করা নিয়ে আইআরজিসি ও খোমেনির ঘনিষ্ঠ নেতাদের সাথে মতবিরোধ হয়, এই বিরোধের জেরে ঘালিবাফের পদত্যাগের ঘটনা ঘটে।
উল্লেখ্য, 'ইরান ইন্টারন্যাশনাল'—ফার্সি ভাষার ইরানভিত্তিক সংবাদমাধ্যম হলেও, এটি পরিচালিত হয় লন্ডন থেকে। সরকারবিরোধী প্রচারণা ও বিক্ষোভ উস্কে দেওয়ার অভিযোগে ইরানে সম্প্রচার নিষিদ্ধ করা হয়।