শুক্রবার, 23 অক্টোবর 2026
সকল বিভাগ

পাঁচ কাঠা জমির খড় পোড়াতে গিয়ে ৮০ বিঘার গম পুড়ে ছাই

মেহেরপুরের গাংনী উপজেলায় গমের খড় পোড়াতে গিয়ে অসাবধানতাবশত সৃষ্ট আগুনে প্রায় ৮০ বিঘা জমির গম পুড়ে ছাই হয়ে গেছে।

পাঁচ কাঠা জমির খড় পোড়াতে গিয়ে ৮০ বিঘার গম পুড়ে ছাই
ছবিঃ সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলায় গমের খড় পোড়াতে গিয়ে অসাবধানতাবশত সৃষ্ট আগুনে প্রায় ৮০ বিঘা জমির গম পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের শিমুলতলা মাঠে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ৪০ জন কৃষকের প্রায় ১৮ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিমুলতলা মাঠে অধিকাংশ কৃষকের গম কাটা শেষ হলেও অনেকের ফসল এখনও খেতে ছিল। পরবর্তী ফসল আবাদের প্রস্তুতির অংশ হিসেবে উসমান আলী নামের এক কৃষক তাঁর জমির গমের অবশিষ্ট খড় পোড়াতে যান। চৈত্র মাসের প্রচণ্ড রোদ ও গরমে শুকিয়ে থাকা গমগাছে সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের জমিতে ছড়িয়ে পড়লে কৃষকেরা তা নিয়ন্ত্রণে আনার আগেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

একই দিনে উপজেলার আরও দুটি স্থানে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের হিন্দা পলাশীপাড়া মাঠে এক বিধবা নারীর প্রায় এক বিঘা জমির গম পুড়ে গেছে। এছাড়া কাজীপুর নওদাপাড়া মাঠে গমের জমির আগুন থেকে একটি কম্বাইন হারভেস্টার মেশিনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিকেলে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মতিয়র রহমান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তিনি জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে সরকারি সহায়তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হচ্ছে। কৃষি বিভাগ থেকে কৃষকদের এমন খড় পোড়ানোর বিষয়ে বারবার সতর্ক করা হলেও অসাবধানতার কারণে প্রতি বছরই এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটছে। মাঠের অবশিষ্ট গম দ্রুত ঘরে তোলার পাশাপাশি আগুন ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তিনি।