আধ্যাত্মিক আবহে ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চট্টগ্রামের কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ-এ পবিত্র মি’রাজুন্নবী (দ.) উদযাপন ও সালানা ওরশে হযরত গাউছুল আজম (রা.)-এর মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) দিন-রাতব্যাপী আয়োজিত এই মাহফিলে দেশের বিভিন্ন স্থান থেকে আগত লাখো মুসল্লি অংশ নেন।
মাহফিলের প্রধান অতিথি হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী তাঁর বক্তব্যে বলেন, হযরত গাউছুল আজম (রা.) নবীজি (দ.)-কে হৃদয়ে ধারণ করে সারাজীবন অতিবাহিত করেছেন। তাঁর অনুসরণে মানুষকে সঠিক পথ দেখানো এবং নবীপ্রেমের বার্তা ছড়িয়ে দেওয়ার যে দৃষ্টান্ত তিনি রেখে গেছেন, তা অনন্য।
বিশেষ অতিথি হিসেবে মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ জালাল আহমদ। এছাড়া বক্তব্য দেন মুফতি মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, মাওলানা মুহাম্মদ বদিউল আলম, মাওলানা মুহাম্মদ আবদুস সবুর এবং মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানি ফয়সাল।
ওরশ উপলক্ষে বিশ্বব্যাপী খতমে কুরআনের বিশেষ কর্মসূচি পালন করা হয়। এ বছর মোট ২৮,০১২টি খতমে কুরআন ও ১,০৯৪টি খতমে তাহলিল সম্পন্ন হয়। পাশাপাশি খতমে ইউনুস, দরূদে সাইফুল্লাহ, দরূদে নারিয়াহ, নফল নামাজ ও রোজা, মোরাকাবা, জিকির এবং তাহাজ্জুদসহ বিভিন্ন এবাদতমূলক কার্যক্রম আয়োজন করা হয়।
মিলাদ-কিয়াম শেষে প্রধান অতিথি দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।