খাবার পানি পান করার পর গাজীপুরের কালিয়াকৈরে একটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত ‘ড্রেসম্যান’ নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থ শ্রমিকদের দ্রুত উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকাল ৮টার দিকে শ্রমিকরা কাজে যোগ দেন। এরপর সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ একে একে অনেক শ্রমিক বমি, মাথাব্যথা ও শারীরিক দুর্বলতাসহ নানা উপসর্গে অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি গুরুতর হলে সহকর্মী ও কারখানা কর্তৃপক্ষ তাদের দ্রুত হাসপাতালে পাঠায়। ঘটনার পর কারখানা কর্তৃপক্ষ এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করে।
কারখানার শ্রমিক বেলাল হোসেন ও রাবেয়া খাতুন জানান, সকালে কারখানার ভেতরের খাবার পানি পান করার পরই অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাদের দাবি, কারখানার ভেতরে অস্বাভাবিক দুর্গন্ধও ছড়িয়ে পড়েছিল, যা পরিস্থিতিকে আরও খারাপ করে তোলে।
কারখানার সহকারী প্রশাসনিক কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, ‘গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে যেসব এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল, সেসব এলাকার শ্রমিকদের মধ্যেই অসুস্থতার ঘটনা বেশি দেখা গেছে। তবে ঘটনার পর কারখানার পানির মান পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৃষ্টির দূষিত পানির সংস্পর্শে আসার কারণে শ্রমিকদের ফুড পয়জনিং হয়ে থাকতে পারে।’
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘ওই কারখানায় পানি পান করে অসুস্থ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আহতদের কারখানা কর্তৃপক্ষ চিকিৎসার ব্যবস্থা করছেন। তবে কারখানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’