রাজধানীর যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বংশাল এলাকার একটি ইউনিটের দপ্তর সম্পাদকসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নির্দেশনায় রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটানো হচ্ছে।
রোববার দুপুর ১২টায় রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তার রায়হান উদ্দিন বংশাল এলাকার ৬ নম্বর ইউনিট আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। গ্রেপ্তার অন্য তিনজন হলেন আলাউদ্দিন, রাসেল খান ও আব্দুল্লাহ।
ডিবির ওয়ারী বিভাগের উপকমিশনার মোল্লা মো. শাহীন জানান, গত শুক্রবার যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে রায়হান উদ্দিনকে শনাক্ত করা হয়। পরে শনিবার রাতে লালবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, রায়হান উদ্দিনের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী সময়ে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।