শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

প্রাইভেটকারে ইয়াবা পাচার, দুই তরুণীসহ আটক ৩

কক্সবাজারের টেকনাফে শীলখালী এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৪২ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার বিজিবি-৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

প্রাইভেটকারে ইয়াবা পাচার, দুই তরুণীসহ আটক ৩
ছবিঃ সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে শীলখালী এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৪২ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার বিজিবি-৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃতদের মধ্যে টেকনাফের উত্তর পাড়া এলাকার মো. মাসুদ শরিফ (২২) এবং কক্সবাজার সদর উপজেলার সমিতিপাড়ার বাসিন্দা মোসা. বিউটি (২৭) ও মোসা. মাহিম (১৯) রয়েছেন।

বিজিবি জানায়, শুক্রবার ভোর রাত সোয়া ৩টার দিকে টেকনাফ থেকে কক্সবাজার অভিমুখে যাওয়া একটি প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে সন্দেহবশত থামানো হয়। ব্যাপক তল্লাশির একপর্যায়ে গাড়ির তেলের ট্যাংকের ভেতরে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা ২১টি পোটলা উদ্ধার করা হয়। এসব পোটলা থেকে মোট ৪২ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি এবং তিনটি স্মার্টফোনও জব্দ করেছে বিজিবি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা বিজিবিকে জানিয়েছেন, তারা অধিক মুনাফার আশায় টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মাদক চোরাচালান চক্রের মূল হোতা ও অন্য সদস্যদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে টেকনাফ মডেল থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে বিজিবির এই কঠোর নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।