বলিউডের পর্দায় শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়ার রসায়ন ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে ‘ডন’ সিরিজে তাদের উপস্থিতি দর্শকদের মনে আলাদা জায়গা করে নেয়। তবে এই অন-স্ক্রিন রোমান্স একসময় বাস্তব জীবনেও ছড়িয়ে পড়েছে এমন গুঞ্জন দীর্ঘদিন ধরে বলিপাড়ায় আলোচিত ছিল। সেই গুঞ্জনের জেরে সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েন প্রিয়াঙ্কা চোপড়া। এমনকি একপর্যায়ে তাঁকে বলিউড থেকে দূরে সরে যেতে বাধ্য করা হয়েছিল বলেও নানা মহলে আলোচনা রয়েছে।
দীর্ঘ সময় পর আবারও সেই পুরোনো প্রসঙ্গ ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শাহরুখ খানের একটি পুরোনো সাক্ষাৎকার ভাইরাল হয়েছে, যেখানে প্রিয়াঙ্কাকে নিয়ে কুৎসা ও বিদ্বেষমূলক মন্তব্যের বিরুদ্ধে সরব হতে দেখা যায় তাঁকে। সাক্ষাৎকারে স্পষ্টভাবেই অভিনেত্রীটির প্রতি নিজের সম্মান ও অবস্থান তুলে ধরেছিলেন বলিউডের এই সুপারস্টার।
ভাইরাল ভিডিওতে শাহরুখ খান বলেন, তাঁর সঙ্গে কাজ করা কোনো নারী শিল্পীকে নিয়ে কটাক্ষ করা হলে তা তাঁকে গভীরভাবে আঘাত করে। তিনি বলেন,
“সবচেয়ে কষ্ট লাগে যখন আমার সঙ্গে কাজ করার পর কোনো নারীকে নিয়ে বাজে কথা বলা হয়। প্রিয়াঙ্কার সঙ্গে যেভাবে আচরণ করা হয়েছে, সেটা সত্যিই অমর্যাদাকর। আমি নারীদের সম্মান করি, আর এই ধরনের অসম্মান মেনে নেওয়া যায় না।”
প্রিয়াঙ্কার সঙ্গে সম্পর্কের বিষয়ে বারবার প্রশ্ন ওঠায় শাহরুখ পরিষ্কারভাবে জানিয়েছেন, তাঁদের সম্পর্ক বন্ধুত্বের। ওই সাক্ষাৎকারে তিনি বলেন,
“ও আমার খুব ভালো বন্ধু। ও আমার হৃদয়ের কাছের মানুষ। কাজ করতে গিয়ে অনেক সুন্দর সম্পর্ক তৈরি হয়, কিন্তু ভিত্তিহীন গুজব সেই সম্পর্কগুলোকে নষ্ট করে দেয়। প্রিয়াঙ্কা নিজের যোগ্যতায় মিস ইন্ডিয়া, মিস ওয়ার্ল্ড থেকে আজকের অবস্থানে পৌঁছেছে। এর পেছনে রয়েছে ওর কঠোর পরিশ্রম।”
শাহরুখ আরও বলেন, ক্যামেরার সামনে ও পেছনে—দুই জায়গাতেই প্রিয়াঙ্কার সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। বন্ধু হিসেবে তাঁকে নিয়ে কুৎসা রটলে খারাপ লাগাই স্বাভাবিক বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়াকে আর একসঙ্গে পর্দায় দেখা যায়নি। প্রিয়াঙ্কা বর্তমানে হলিউডে নিজের অবস্থান গড়ে তুলেছেন, আর শাহরুখ খান বলিউডে নিজের আধিপত্য ধরে রেখেছেন। তবুও ভক্তদের একাংশের মনে আজও প্রশ্ন— তাদের সম্পর্ক কি সত্যিই শুধুই বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ ছিল?