ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ব্যবস্থাপনায় প্রথমবারের মতো রাজধানীতে আয়োজন করা হলো বর্জ্য সংগ্রহের বিশেষ প্রতিযোগিতা ‘ডিএনসিসি স্পোগোমি গেম ২০২৬’। মূলত শিক্ষার্থীদের মাঝে পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতা নিয়ে সচেতনতা ছড়িয়ে দিতেই ব্যতিক্রমী এই উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) উত্তরখানের বজলুল হক খান স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ওয়ান ব্যাগ ট্রাশ-এর সহায়তায় এই প্রতিযোগিতা সম্পন্ন হয়। সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।
অনুষ্ঠানে মোহাম্মদ এজাজ তার বক্তব্যে উল্লেখ করেন, ঢাকা শহরে সক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি জনসংখ্যা বাস করায় প্রতিদিন যে বিশাল পরিমাণ ময়লা তৈরি হচ্ছে, তা সামলানো চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং আগামী প্রজন্মকে সচেতন করতেই স্পোগোমি গেমসের ধারণাটি সামনে আনা হয়েছে।
তিনি আরও জানান, এই প্রতিযোগিতার অন্যতম প্রধান লক্ষ্য হলো শিক্ষার্থীদের বর্জ্য পৃথকীকরণের সঠিক নিয়ম শেখানো। শৈশব থেকে পরিচ্ছন্নতার এই শিক্ষা গ্রহণ করলে ভবিষ্যৎ প্রজন্ম একটি সুন্দর ও বাসযোগ্য রাজধানী গড়ে তুলতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।