বৃহস্পতিবার, 22 অক্টোবর 2026
সকল বিভাগ

পশ্চিমবঙ্গে ৪৮ ঘণ্টায় ২০০ এফআইআর, গ্রেপ্তার ৪৩৩, আটক ১১০০

পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় ধরনের পটপরিবর্তনের পর রাজ্যজুড়ে ছড়িয়ে পড়া সহিংসতা এখন গোটা ভারতের আলোচনার কেন্দ্রবিন্দুতে।

পশ্চিমবঙ্গে ৪৮ ঘণ্টায় ২০০ এফআইআর, গ্রেপ্তার ৪৩৩, আটক ১১০০
ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় ধরনের পটপরিবর্তনের পর রাজ্যজুড়ে ছড়িয়ে পড়া সহিংসতা এখন গোটা ভারতের আলোচনার কেন্দ্রবিন্দুতে।

বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি লক্ষ্য করা যাচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে গত ৪৮ ঘণ্টায় রাজ্যজুড়ে ব্যাপক ধরপাকড় শুরু করেছে পুলিশ।

পশ্চিমবঙ্গ পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিচালক সিদ্ধনাথ গুপ্ত বুধবার সংবাদমাধ্যমকে জানান, ভোটের ফলাফল পরবর্তী সংঘাত নিয়ন্ত্রণে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। গত দুদিনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৪৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে এবং প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আরও প্রায় ১ হাজার ১০০ জনকে আটক করা হয়েছে। পুলিশের কাছে এই সময়ের মধ্যে দুই শতাধিক এফআইআর দায়ের হয়েছে। অভিযোগগুলোর মধ্যে মূলত প্রতিপক্ষকে শারীরিক লাঞ্ছনা, ভয়ভীতি প্রদর্শন ও হুমকির ঘটনা বেশি।

সহিংসতায় এখন পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ প্রশাসন। নান্নুর ও নিউ টাউন এলাকায় সংঘটিত এই দুটি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের ইতিবাচকভাবে শনাক্ত করে আইনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন শীর্ষ এই পুলিশ কর্মকর্তা। অন্যদিকে কলকাতার পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জননিরাপত্তা বিঘ্নিতকারী কাউকেই ছাড় দেওয়া হবে না। অপরাধীদের ধরতে বিশেষ অভিযান চলমান রয়েছে এবং শুধুমাত্র কলকাতা এলাকা থেকেই ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে।

রাজ্যের এই অস্থির পরিস্থিতির মধ্যেই উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে নতুন করে বড় ধরনের নাশকতার ঘটনা ঘটেছে। বুধবার রাতে নবনির্বাচিত বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার সাথে থাকা আরও এক যুবক গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে মধ্যমগ্রামসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে তীব্র উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এসব এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।