বৃহস্পতিবার, 22 অক্টোবর 2026
সকল বিভাগ

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট শুরু, মুখোমুখি মমতা-শুভেন্দু

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। এই পর্যায়ে রাজ্যের রাজধানী কলকাতাসহ দক্ষিণবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ ১৪২টি আসনে ভোট নেওয়া হচ্ছে। আজকের এই দফার ভোটের ওপর ভিত্তি করেই রাজ্যের প্রধান দুই রাজনৈতিক ব্যাক্তি ভাগ্য নির্ধারিত হবে বলে ধারণা করা হচ্ছে।

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট শুরু, মুখোমুখি মমতা-শুভেন্দু
ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। এই পর্যায়ে রাজ্যের রাজধানী কলকাতাসহ দক্ষিণবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ ১৪২টি আসনে ভোট নেওয়া হচ্ছে। আজকের এই দফার ভোটের ওপর ভিত্তি করেই রাজ্যের প্রধান দুই রাজনৈতিক ব্যাক্তি ভাগ্য নির্ধারিত হবে বলে ধারণা করা হচ্ছে।

দ্বিতীয় দফার সবচেয়ে আলোচিত বিষয় হলো ভবানীপুর আসনের লড়াই। এই একটি আসনেই মুখোমুখি হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির শুভেন্দু অধিকারী। পুরো রাজ্যের নজর এখন এই হেভিওয়েট লড়াইয়ের দিকে, যা রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই নির্বাচনের প্রধান কেন্দ্রবিন্দু। প্রথম দফার নির্বাচনে ৯২ শতাংশ ভোটারের উপস্থিতি রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল, যার ধারাবাহিকতা দ্বিতীয় দফায়ও বজায় থাকে কি না, তা এখন দেখার বিষয়।

ঐতিহাসিকভাবে দক্ষিণবঙ্গ তৃণমূল কংগ্রেসের একটি শক্তিশালী দুর্গ হিসেবে পরিচিত। গত ২০২১ সালের নির্বাচনে এই অঞ্চলের ১৪২টি আসনের মধ্যে ১২৩টিতেই জয়লাভ করেছিল তৃণমূল। বিপরীতে বিজেপি ১৮টি এবং বামফ্রন্ট মাত্র একটি আসনে জয় পেয়েছিল। তৃণমূলের এই একচ্ছত্র আধিপত্য বজায় রাখা যেমন বড় চ্যালেঞ্জ, তেমনি বিজেপির জন্য এই দুর্গ ভাঙাই প্রধান লক্ষ্য। বিজেপি তাদের প্রচারণায় কর্মসংস্থান, দুর্নীতি, অনুপ্রবেশ ও নারী নিরাপত্তার মতো বিষয়গুলোকে প্রাধান্য দিয়েছে, যেখানে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সরাসরি অংশ নিয়েছেন।

অন্যদিকে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রচারণায় উন্নয়নের খতিয়ানের পাশাপাশি ‘বহিরাগত’ ইস্যু এবং বাংলার নিজস্ব সংস্কৃতি রক্ষার ডাক দিয়েছেন। তবে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার কিছু অভিযোগ এবার সামনে এসেছে, যা জনমনে কিছুটা প্রভাব ফেলতে পারে।

ভবানীপুর ছাড়াও এই দফায় তৃণমূলের হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন ফিরহাদ হাকিম, শশী পাঁজা, অরূপ বিশ্বাস, ব্রাত্য বসু, সুজিত বসু ও চন্দ্রিমা ভট্টাচার্যের মতো প্রভাবশালী নেতারা। অন্যদিকে বিজেপির পক্ষে লড়াই করছেন স্বপন দাশগুপ্ত ও রূপা গাঙ্গুলিসহ পরিচিত মুখগুলো। পশ্চিমবঙ্গসহ ভারতের অন্যান্য রাজ্যের এই নির্বাচনী মহাযজ্ঞের ফলাফল প্রকাশিত হবে আগামী ৪ মে।