রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বার্ষিক প্যারেড পরিদর্শনের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১০ মে) সকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চার দিনব্যাপী এই কর্মসূচির সূচনা করেন সরকারপ্রধান। এ বছর ‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’—এই মূলমন্ত্রকে ধারণ করে শুরু হওয়া এই উৎসব চলবে আগামী ১৩ মে পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সমন্বয়ে গঠিত সুশৃঙ্খল প্যারেড পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন। পেশাদারিত্ব ও সেবার মান বৃদ্ধির লক্ষ্য নিয়ে প্রতি বছরের মতো এবারও পুলিশ সপ্তাহকে ঘিরে বিশেষ উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
এই বিশেষ উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী প্রদান করেছেন। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির শুভেচ্ছা বার্তা দিয়ে পুলিশের প্রতিটি সদস্যকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই আয়োজনের মধ্য দিয়ে পুলিশ বাহিনীর মনোবল বৃদ্ধি পাবে এবং জনসাধারণের সাথে পুলিশের মেলবন্ধন আরও সুদৃঢ় হবে।