শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

রাজধানীতে ড্রোন-অস্ত্রসহ ‘উগ্রবাদী সংগঠনের’ ৪ সদস্য গ্রেফতার

রাজধানীর কামরাঙ্গীরচর ও কেরাণীগঞ্জ এলাকায় পরিচালিত পৃথক অভিযানে একটি উগ্রবাদী সংগঠনের চার সক্রিয় সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং ড্রোনসহ বিপুল পরিমাণ আধুনিক প্রযুক্তি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

রাজধানীতে ড্রোন-অস্ত্রসহ ‘উগ্রবাদী সংগঠনের’ ৪ সদস্য গ্রেফতার
ছবি : সংগৃহীত

রাজধানীর কামরাঙ্গীরচর ও কেরাণীগঞ্জ এলাকায় পরিচালিত পৃথক অভিযানে একটি উগ্রবাদী সংগঠনের চার সক্রিয় সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং ড্রোনসহ বিপুল পরিমাণ আধুনিক প্রযুক্তি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন মো. ইমরান চৌধুরী (২৯), মো. মোস্তাকিম চৌধুরী (২৫), রিপন হোসেন শেখ (২৮) ও আবু বক্কর (২৫)। বুধবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে এই অভিযানের বিস্তারিত তথ্য নিশ্চিত করা হয়েছে।

সহকারী পুলিশ কমিশনার এন. এম. নাসিরুদ্দিন জানান, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কামরাঙ্গীরচর থানার কয়লাঘাট এলাকার একটি বাড়িতে প্রথম অভিযানটি চালানো হয়। সেখান থেকে ইমরান চৌধুরীকে আটক করার পর তার দেওয়া তথ্যানুযায়ী কেরাণীগঞ্জের জিয়ানগর এলাকা থেকে তার ছোট ভাই মোস্তাকিম চৌধুরীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ডিবি-রমনা বিভাগের সদস্যরা কামরাঙ্গীরচরের রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের আরও দুই সহযোগী রিপন হোসেন শেখ ও আবু বক্করকে আইনের আওতায় নিয়ে আসে।

অভিযানস্থলে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শ্যুটারগান, ১৪ রাউন্ড তাজা গুলি এবং তিনটি ব্যবহৃত গুলির খোসা জব্দ করা হয়েছে। এ ছাড়া তাদের কাছ থেকে ল্যাপটপ, একাধিক স্মার্টফোন, ডিভিআর, মেটাল ডিটেক্টর এবং একটি ড্রোন ও এর বিভিন্ন খুচরা যন্ত্রাংশ উদ্ধার করা হয়। একই সাথে উগ্রবাদী মতাদর্শ প্রচারকারী বেশ কিছু বইও তাদের আস্তানা থেকে পাওয়া গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা একটি উগ্রবাদী সংগঠনের সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা বিঘ্নিত করার কোনো পরিকল্পনা তাদের ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি যেকোনো ধরনের নাশকতামূলক তৎপরতা রুখতে গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে বলেও ডিএমপির পক্ষ থেকে জানানো হয়।