জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির বক্তব্যে বাধা দিতে এবং তার অভিশংসনের দাবি তুলতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আজ বৃহস্পতিবার সকালে মানিক মিয়া এভিনিউ, জাতীয় সংসদ ভবনের সামনে অনুষ্ঠিত এক অবস্থান কর্মসূচিতে তিনি এ আহ্বান জানান। এই কর্মসূচি আয়োজন করা হয় ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবার’ ব্যানারে, যেখানে গণভোটের মাধ্যমে সংস্কার বাস্তবায়ন, রাষ্ট্রপতিকে অভিশংসন এবং জুলাই গণহত্যার বিচারের দাবি তোলা হয়।
আসিফ মাহমুদ বলেন, “রাষ্ট্রপতির বক্তব্যের সময় আমরা দেখতে চাই কারা সংসদে বসে বক্তব্য শুনছেন। এখান থেকেই দেখা যাবে বাংলাদেশ কোন পথে যাবে। একদল ফ্যাসিবাদের পক্ষে, অন্য দল ফ্যাসিবাদের বিপক্ষে। যারা ফ্যাসিবাদের বিপক্ষে আছেন, তারা যেন রাষ্ট্রপতিকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেন, এবং একই সঙ্গে অভিশংসনের দাবি তোলেন।”