রংপুর মহানগরীতে অবৈধভাবে মজুত করা ৬০০ লিটার ডিজেল উদ্ধার করেছে র্যাব ও জেলা প্রশাসন। মঙ্গলবার দিবাগত রাত তথা বুধবার রাত আনুমানিক ২টার দিকে নগরীর ১১ নম্বর ওয়ার্ডের পূর্ব জলকরিয়া এলাকায় এই যৌথ অভিযান চালানো হয়। এ সময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে দুই মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন পূর্ব জলকড়িয়া এলাকার বাসিন্দা হানিফ (৪০) ও শাহীন (৩৫)। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে র্যাব-১৩ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ওই এলাকার দুটি বসতবাড়িতে তল্লাশি চালান। অভিযানে হানিফের ঘর থেকে ২০০ লিটার এবং শাহীনের হেফাজত থেকে ৪০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে এই বিপুল পরিমাণ জ্বালানি তেল জমিয়ে রাখছিলেন, যাতে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে পরবর্তী সময়ে অধিক মূল্যে তা বিক্রি করা যায়।
আটকের পর জিজ্ঞাসাবাদে দণ্ডপ্রাপ্তরা দাবি করেছেন, এই জ্বালানি তেলের মালিক তারা নন। তাদের ভাষ্যমতে, শাওন ও সাহেব নামের দুই ব্যবসায়ী তেলগুলো তাদের বাড়িতে রাখার জন্য দিয়েছিলেন। তবে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে তাদের কারাদণ্ড দেওয়া হয়। জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখা এবং কালোবাজারি রুখতে এ ধরনের কঠোর তদারকি ও অভিযান আগামীতেও নিয়মিত পরিচালনা করা হবে।